মেয়র পদে সাবেক এমপি গিয়াসের মনোনয়ন ক্রয়

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান।
রোববার (১২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন আকরাম হোসেন খান ও মাজেদুল ইসলামসহ অনুসারী নেতারা। বিএনপির এই সাবেক এমপি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এদিকে এবার সিটি নির্বাচনে মুহাম্মদ গিয়াস উদ্দিন ছাড়াও মহানগর বিএনপি নেতা সাখাওয়াত হোসেন ও এটিএম কামাল স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর আলম খন্দকারও মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে জানা গেছে। তবে বিএনপি দলীয়ভাবে কোনো নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে।











