চাকরির খোঁজে বের হওয়া সিদ্ধিরগঞ্জের যুবকের মহদেহ মিলল নদীতে

প্রেসবাংলা ২৪.কম: চাকরির খোঁজে বের হয়ে লাশ হয়ে ফিরলেন শেখ মোহাম্মদ মাহতাব নামের এক যুবক (৩০)। সোমবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জ উপজেলার কাঠপট্টি লঞ্চঘাট এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করে মুক্তারপুর নৌ পুলিশ।  নিহত মাহতাব নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজির বাতানপাড়া এলাকার শেখ মোহাম্মদ হাসানের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, পড়ালেখা শেষ করে চাকরি খুঁজছিলেন মাহতাব। তার বাবা তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থাও করেছিলেন। কিন্তু বেকার থাকায় খুব বেশি হতাশাগ্রস্ত ছিলেন। রোববার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাকরির খোঁজে বাসা থেকে বের হন মাহতাব। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের উপ-পরিদর্শক নুরুল ইসলাম জাগো নিউজকে বলেন, ৯৯৯ নম্বরে কল পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। ছেলেটি বেকার ও হতাশাগ্রস্ত ছিল বলে পরিবার সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। যুবকের মৃত্যুর বিষয়টি সন্দেহজনক হওয়ায় তদন্ত করে দেখা হবে।