১৪ বছর পর জীবিত ফিরে আসা রুবেলের আদালতে জবানবন্দি

১৪ বছর পর জীবিত ফিরে আসা রুবেলের আদালতে জবানবন্দি

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: গুম হওয়ার পর অপহরণ মামলা দায়েরের ১৪ বছর চার মাস পর ফিরে আসা আল আমিন ওরফে রুবেল আদালতে জবানবন্দি দিয়েছেন।

শুক্রবার (২১ মে) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মাহমুদুল মহসিনের আদালতে ১৬৪ ধারায় দেয়া রুবেলের এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়।

কিভাবে সে বাড়ি থেকে বের হয় এবং এতোদিন কোথায় ছিল এবং তার মা তাকে বাড়িতে আসতে বাধা দেয়ার বিষয় গুলো রুবেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।  পরে রুবেল নিজ জিম্মায় তার বাড়িতে ফিরে যান।

নারায়ণগঞ্জ আদালতের পুলিশের পরিদর্শক মো: আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত এই মামলার মূল নথিপত্রের সাথে রুবেলের জবানবন্দির রেকর্ড সংযুক্ত করার আদেশ দিয়েছেন। এ বিষয়ে কি করণীয়, আদালত সে বিষয়ে পরবর্তীতে নির্দেশনা দিবেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

প্রসঙ্গত ২০০৭ সালের ১০ জানুয়ারী নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুঁড়েরপাড় এলাকার জানু মিয়ার ৭ বছর বয়সের শিশু সন্তান রুবেল নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। ঘটনার দেড় মাস পর ২৩ ফেব্রুয়ারি সদর থানায় বাদি হয়ে ঊণিশজনকে আসামি করে অপহরণ মামলা দায়ের করেন রুবেলের মা রহিমা বেগম।

পরে তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় থানা পুলিশ ও ডিবি পুলিশ পর্যায়ক্রমে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। এর প্রেক্ষিতে ২০১০ সালের ১৪ ফেব্রুয়ারি আদালত মামলা নিষ্পত্তি করে আসামিদের অব্যাহতি দেন।

দীর্ঘ ১৪ বছর পর রুবেল স্বেচ্ছায় বাড়িতে ফিরে আসলে তার বড় ভাইসহ ভুক্তভোগিরা তাকে বৃহস্পতিবার রাতে সদর থানা পুলিশের কাছে হাজির করে। সেখানে রুবেল পুলিশ ও গণমাধ্যম কর্মীদের জানান, কেউ তাকে অপহরণ করেনি। শিশু বয়সে ভারী কাজের চাপ ও মায়ের মায়ের অত্যাচার সহ্য করতে না পেরে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন তিনি। তবে তার মা কি কারণে মিথ্যা অপহরণ মামলা দিয়ে এতোগুলো মানুষকে হয়রানি করেছেন সে ব্যাপারে তিনি কিছুই জানেন না।