দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, ১০১ জনের মৃত্যু

প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০১ জনের মৃত্যু হয়েছে। এটি দেশে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ১০ হাজার ১৮২ জনে।
একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৪ হাজার ৪১৭ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ১১ হাজার ৭৭৯ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০১ জনের মধ্যে ঢাকা বিভাগে ৫৯, চট্টগ্রামে ২০, রাজশাহীতে ৩, খুলনায় ৫, বরিশালে ৪, সিলেটে ১ জন, রংপুরে ৬ জন ও ময়মনসিংহে ৩ জন রয়েছেন।
মৃত ১০১ জনের মধ্যে পুরুষ ৬৭ ও নারী ৩৪ জন। এদের মধ্যে ৯৪ জন হাসপাতালে এবং বাড়িতে ৭ জন মারা গেছেন। এ পর্যন্ত মোট মৃত ১০ হাজার ১৮২ জনের মধ্যে পুরুষ ৭ হাজার ৫৬৬ এবং নারী ২ হাজার ৬১৬ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।











