পুলিশ জনগণের বন্ধু, আড়াইহাজারে এমপি নজরুল ইসলাম

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: পুলিশ জনগনের বন্ধু। স্বাধীনতা সংগ্রামে ঝাপিয়ে পড়ে বীর বাঙ্গালীকে যেভাবে রক্ষা করেছিল পুলিশ, ঠিক সেভাবেই করোনা কালিন সময়ে পুলিশ জনগণের পাশে দাড়িয়ে জনগণকে রক্ষায় নজিরবিহীন অবদান রেখেছেন।
করোনা ভাইরাসে আবারো আক্রান্ত ও মৃত্যু হার বেড়ে যাওয়ায় আড়াইহাজার থানা পুলিশের উদ্যোগে মাস্ক পরিধান সচেতনতামূলক ক্যাম্পেইন-২০২১ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু প্রধান অতিথি হিসেবে উল্লেখিত বক্তব্য রাখেন।
২১ মার্চ রবিবার সকালে আড়াইহাজার বাজার এলাকায় আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,আড়াইহাজার পৌরসভার মেয়র ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সুন্দর আলী, ইন্সপেক্টর (তদন্ত) আনিসুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খাগকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম, আড়াইহাজার পৌরসভার কাউন্সিলর বৃন্দ, থানা পুলিশের বিভিন্নস্তরের অফিসার ও সদস্যগণ।
প্রধান অতিথি এমপি নজরুল ইসলাম বাবু বলেন, করোনাকালিন দীর্ঘ এক বৎসর যাবত বাংলাদেশ পুলিশ জনগনের পাশে মানবতার হাত বাড়িয়েছেন এবং তারা এখনও করোনা ভাইরাস থেকে জনগণকে রক্ষার লক্ষে যে শুভ উদ্যোগ গ্রহণ করে কাজ করে যাচ্ছেন তার জন্য পুলিশের আইজিপি সহ সকল পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান।
তিনি সকলের উদেশ্যে বলেন,আপনারা নিজেরা মাস্ক পড়ুন, অপরকে মাস্ক পড়তে উৎসাহিত করুন ও সাবান পানি দিয়ে হাত ধোয়া এবং জন-সমাগম এড়িয়ে চলুন। স্বাস্থ্য বিধি মেনে করোনা ভাইরাসকে প্রতিহত করার আহবান জানান। পরে এমপি নজরুল ইসলাম বাবু, মেয়র সুন্দর আলী ও ওসি নজরুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি র্যালী আড়াইহাজার বাজার প্রদক্ষিন করেন ও জনগনের মধ্যে পুলিশের পক্ষে মাস্ক বিতরণ করে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে প্রচারনা চালান ।











