ফতুল্লায় নবজাতক হত্যা, ৪০দিন পর মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সড়কের পাশ থেকে অজ্ঞাত একটি ছেলে নবজাতকের লাশ উদ্ধারের ঘটনার ৪০দিন পর হত্যা মামলা দায়ের করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে মঙ্গলবার (৯ মার্চ) রাতে এসআই আরিফ পাঠান বাদী হয়ে নিজ থানায় মামলাটি দায়ের করেন।
ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) শফিকুল ইসলাম জানান, ২৮ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ফতুল্লার তক্কার মাঠ পেয়ারা বাগান এলাকা থেকে কাপড়ে মোড়ানো ছেলে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়। এরপর মৃত্যুর কারন জানতে লাশটি ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। মঙ্গলবার ময়না তদন্ত রিপোর্ট আসে, এতে উল্লেখ করা হয় নবজাতকের মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। এ রিপোর্ট পর্যালোচনা করে মামলা গ্রহণ করা হয়েছে। নবজাতকের বাবা মায়ের সন্ধান এখনো পাওয়া যায়নি। বাবা মাকে পাওয়া গেলে হত্যাকান্ডের তথ্য উদঘাটন করা যাবে।











