সিদ্ধিরগঞ্জে শীর্ষ দুই মাদক ব্যবসায়ী গ্রুপের সংঘর্ষে আহত ৫

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজিতে শীর্ষ মাদক ব্যবসায়ী দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের এ ঘটনায় দুই গ্রুপের অন্তত ৫ জন আহত হয়েছে। মাদক ব্যবসায়ী জসিম ও মাদক ব্যবসায়ী লিমন ওরফে বাবা লিমন গ্রুপের মধ্যে সোমবার (৮ মার্চ) দুপুরে নাসিক ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি এলাকায় স্থানীয় যুবলীগ নেতা টাইগার ফারুকের নিজ কার্যালয়ের সামনে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানাযায়, মাদক ব্যবসার আধিপত্য বিস্তার এবং মাদকের টাকা ভাগ ভাটোয়ারা নিয়ে যুবলীগ নেতা টাইগার ফারুকের ভাই শীর্ষ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী জসিম এবং মাদক ব্যবসায়ী লিমন ওরফে বাবা লিমন গ্রুপের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। শীর্ষ মাদক ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোন সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে ধারনা করছেন এলাকাবাসী।
শীর্ষ মাদক ব্যবসায়ী জসিমের তথ্যের ভিত্তিতে জেলা ডিবি পুিলশ কিছুদিন পূর্বে মাদক ব্যবসায়ী লিমনের দুই সহযোগী গ্রেফতার করে। এতে ক্ষীপ্ত ছিলো লিমন ওরফে বাবা লিমন। তারই জের ধরে সোমবার লিমন এবং তার বাহিনী জসিম ও তার বাহিনীর উপর হামলা চালায়। এতে লিমন, জসিম, গাঁজা ব্যবসায়ী মিলনসহ মোট পাঁচ মাদক ব্যবসায়ী আহত হয়।
এলাকাবাসীর অভিযোগ, যুবলীগ নেতা টাইগার ফারুক ও যুবদল নেতা গাজা ব্যবসায়ী জুয়েলের ভাই শীর্ষ মাদক ব্যবসায়ী জসিম এবং অন্য আরেক মাদক ব্যবসায়ী লিমন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন। এলাকার মানুষকে জিম্মি করে তারা তাদের এই অপকর্ম করে যাচ্ছে। তাদের ভয়ে কেউ থানায় অভিযোগ পর্যন্ত করতে সাহস পায়না। জসিম বেশ কিছুদিন পূর্বে দেশীয়
অস্ত্র নিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেলে যায়। জসিম জেলে যাওয়ার পর এলাকায় স্বস্তি ফিরে আসে। কিন্তু কিছুদিন পরই জামিনে বেরিয়ে আসে জসিম। জামিনে মুক্ত হয়েই ফের রমরমা মাদক ব্যবসা শুরু করে জসিম। মাদক ব্যবসার অন্তরালে শীর্ষ মাদক ব্যবসায়ী জসিম নিজেকে যুবলীগ নেতা পরিচয় দিয়ে থাকেন বলেও শোনা গেছে।
উল্লেখ্য, গত (১ ফেব্রুয়ারী) দিবাগত রাত আড়াইটায় শীর্ষ মাদক ব্যবসায়ী জসিমকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি টি.সি. রোডের বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমের বাড়ির সামনের গলি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর মাদক ব্যবসায়ী জসিমের কাছ থেকে একটি বিদেশী সুইচগিয়ার চাকু ও দুটি মুঠোফোন উদ্ধার করা হয়। এসময় জসিমের আরো তিন সহযোগী পালিয়ে যায়। শীর্ষ এই মাদক ব্যবসায়ী জসিম সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লার আবু সাঈদের ছেলে। তার বিরুদ্ধে থানায় মাদক ব্যবসা, ছিনতাই ও ধর্ষণ চেষ্টারও অভিযোগ রয়েছে।











