না’গঞ্জে ৭০ কোটি টাকার সাপের বিষ সহ ২ জন গ্রেফতার

ফতুল্লায় ৭০ কোটি টাকার সাপের বিষ সহ ২ জন গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসাবংলা ২৪.কম: নারায়ণগঞ্জের ফতুল্লায় ৭০ কোটি টাকার কথিত সাপের বিষ সহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় আরো দুজন।
রোববার (১৭ জানুয়ারী) বিকেলে ফতুল্লার ইসদাইর এলাকা থেকে  র‌্যাব-১০ তাদের গ্রেফতার করলে রাতে তা নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো-ফতুল্লার ১/১ ইসদাইর এলাকার মৃত.নজরুল ইসলামের ছেলে মোস্তফা কামাল (৫৫), চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার প্রাগপুর ৫নং ওয়ার্ডের মনোয়ারা মঞ্জিলের গোলাম কিবরিয়া ওরফে কাবের আলীর ছেলে মিজানুর রহমান মধু (৪৩)।রাতেই গ্রেফতারকৃতদের ফতুল্লা মডেল থানায় হাজির করে র‌্যাবের নায়েব সুবেদার শেখ মনিরুজ্জামান বাদী হয়ে পলাতক দুজনসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন মামলার বরাত দিয়ে জানান, রাজধানী লালবাগ ক্যাম্পের সিপিসি- র‌্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার ইসদাইর এলাকায় অভিযান চালিয়ে মোস্তফা কামালের বাড়ি থেকে মোস্তফা কামাল ও মিজানুর রহমান মধু নামে দুজনকে গ্রেফতার করে। এসময় আবুল বাশার ও আসফাকুর রহমান ভুট্র নামে আরো দুজন ওই বাড়ি থেকে কৌশলে পালিয়ে যায়। তখন ওই বাড়িতে অভিযান চালিয়ে দুজনের কাছ থেকে একটি কার্টন উদ্ধার করে। ওই কার্টুনের ভিতর থেকে ২টি কাচের জারে তরল ও ৪টি কাচের জারে পাউডার জাতীয় কথিত সাপের বিষ উদ্ধার করেন। এসবের আনুমানিক মুল্য প্রায় ৭০ কোটি টাকা হবে। এছাড়া গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রায় ৭হাজার টাকা ও তাদের ব্যবহৃত মোবাইল জব্দ করা হয়েছে।
তিনি আরো জানান, র‌্যাব-১০ প্রাথমিক অনুসন্ধানে জানতে পেরেছেন গ্রেফতারকৃতরা আন্তজার্তিক চোরাকারবারি দলের সক্রিয় সদস্য। তারা বিদেশ থেকে অবৈধ ভাবে সাপের বিষ এনে বিক্রয় করেন। তাদের মধ্যে মিজানুর রহমান মধুর বিরুদ্ধে একাধীক মামলা রয়েছে।