শামীম ওসমানের ৯ তারিখের জনসভা স্থগিত

শামীম ওসমানের ৯ তারিখের জনসভা স্থগিত

 

নারায়নগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা: জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা ও নির্মাণে বাঁধা দেয়ার প্রতিবাদে আগামী ৯ জানুয়ারী শামীম ওসমানের ডাকে নারায়ণগঞ্জ শহরে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের  সমাবেশ স্থগিত করা হয়েছে।

 

রবিবার (৩ জানুয়ারী) বিকেল ৩ টায় নারায়ণগঞ্জ রাইফেলস্ ক্লাবে এক জরুরী  সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। জেলা ও মহানগর আওয়ামীলীগ, বিভিন্ন থানা ও উপজেলাসহ সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতাদের নিয়ে শামীম ওসমান সভাটি করেন।

 

সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো: শহীদ বাদল, মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি চন্দন শীল, সাধারন সম্পাদক এড. খোকন সাহা, ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল, সাধারন সম্পাদক শওকত আলী প্রমুখ।

 

সমাবেশ স্থগিতের সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি চন্দন শীল জানান, ‘যেহেতু ইদানীং করোনার প্রভাব বাড়ছে সেহেতু সমাবেশে লোক সমাগমের কারনে নারায়ণগঞ্জে করোনার বিস্তার যেন না ঘটে সেই সতর্কতামূলক অবস্থার কারণে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের পরামর্শ মোতাবেক করোনাকালীন সময়ের কথা বিবেচনা করে আগামী ৯ জানুয়ারীর জনসমাবেশটি স্থগিত করা হয়েছে।’

 

তিনি আরও জানান, ‘আগামী ৯ জানুয়ারীর সমাবেশটি স্থগিত করা হলেও বিকল্প কিছু চিন্তা ভাবনা চলছে। বিভিন্ন ওয়ার্ডে, থানা-উপজেলা পর্যায়ে কর্মীদের সাথে শামীম ওসমান ভার্চুয়াল পদ্ধতিতে সমাবেশটি করতে পারেন, যা পরবর্তীতে জানানো হবে।’