ধর্ষণ চেষ্টা মামলার ৫ দিন হলেও অভিযুক্ত আসামী অধরা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: চাকুরীর প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে (১৯) ধর্ষণ চেষ্টা করেছে যুবলীগ কর্মী জসিম (৩৩)। যুবলীগ কর্মীর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা হলেও ৫ দিনেও পুলিশ গ্রেফতার করতে পারেনি অভিযুক্ত জসিমকে।
এদিকে ধর্ষণ চেষ্টা মামলার জামিন না নিয়ে বাদিকে ভয় ভীতি দেখিয়ে জোরপূর্বক আপোষের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণ মামলার আসামী জসিমকে চার দিনেও গেফতার না করায় ওই এলাকার সাধারন মানুষ অভিযোগের তীর ছুঁড়ছে পুলিশের দিকে।
উল্লেখ্য, এ ঘটনাটি ঘটে গত বুধবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্বপাড়া এলাকায় দিবাগত মধ্যরাতে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
এলাকাবাসী জানায়, জসিম যুবলীগের একজন সক্রীয় কর্মী। ইতিপূর্বে সে যুবলীগের মিছিল, মিটিংয়ে সক্রীয়ভাবে অংশগ্রহণ করেছিলো। তার বিরুদ্ধে মাদকব্যবসার অভিযোগও রয়েছে। সম্প্রতি স্থানীয় বিভিন্ন পত্রিকায় একাধিকবার তার নামসহ সংবাদও প্রকাশিত হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী বিভিন্ন অনুষ্ঠানে ড্যান্স করে জীবিকা নির্বাহ করতো। এক মাস পূর্বে গায়ে হলুদের একটি অনুষ্ঠানে ড্যান্স করতে গিয়ে ভুক্তভোগী কিশোরীর সাথে যুবলীগ কর্মী জসিমের পরিচয় হয়। জসিমের সাথে কথা বার্তার এক পর্যায়ে ভুক্তভোগী কিশোরীকে সে চাকরির ব্যবস্থা করে দিবে বলে আশ্বাস দেয়। এ জন্য জসিম বুধবার (১৮ অক্টোবর) চাকরি সংক্রান্ত কথা বলার জন্য তার (জসিম) ভাগ্নের বাসায় এনে ভিতর থেকে দরজা বন্ধ করে ধর্ষণ চেষ্টা চালায়। একপর্যায়ে জসিম তাকে জড়িয়ে ধরার পর ওই বাড়ির লোকজন টের পেয়ে বাহির থেকে দরজায় নক করলে কৌশলে ভুক্তভোগী দরজা খুলে বের হয়ে যায়।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক আবু শাহাদাৎ মোহাম্মদ জানান, বাদী থানায় এসে আমার কাছে আপোষ নামা দিয়ে গেছে। আদালতে আসামীর আত্মসমর্পন ছাড়া আপোষ নামা গ্রহন হবে কিনা এ ব্যাপারে জানতে চাইলে তিনি জানান এটা সম্পূর্ন আদালতের ব্যাপার। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
মামলার ৫ দিন পেরিয়ে গেলেও আসামী গ্রেফতার না হওয়ার বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শরীফ আহমেদ বলেন, এ ব্যপারে আমি কিছু বলতে পারবো না। তবে মামলা হয়েছে। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ভালো বলতে পারবে বলে জানান তিনি।











