সিদ্ধিরগঞ্জে আনসারুল্লাহ বাংলা টিমের ১ সদস্য পাকড়াও

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন (আনসারুল্লাহ বাংলা টিমের) এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১’র একটি আভিযানিক দল। গ্রেফতারকৃত আসামী হলেন- আতাউল্লাহ ওরফে সাগর (২২)। এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন ও ২০টি উগ্রবাদী নথিপত্র জব্দ করা হয়।
শনিবার বিকেল ৩টায় র্যাব-১১’র সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সুমিনুর রহমান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১ টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি পাইনাদি এলাকা হতে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আতাউল্লাহ ওরফে সাগরের বাড়ি নরসিংদী জেলার শিবপুর থানার ভরাতেরকান্দি এলাকায়। সে হাজী শমসের আলী উচ্চ বিদ্যালয় হতে এসএসসি এবং নরসিংদী সরকারী কলেজ হতে এইচএসসি পাশ করে বর্তমানে একই কলেজে বিএসএস ২য় বর্ষের ছাত্র।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেফতারকৃত আতাউল্লাহ ওরফে সাগর অনলাইনে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদী লেখকের বক্তব্য শুনে উগ্রবাদের দিকে ধাবিত হয় এবং নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসারুল্লা বাংলা টিমে যোগদান করে। সাগর আনসারুল্লা বাংলা টিমে একজন সক্রিয় সদস্য ও দাওয়াতী শাখার সমন্বয়কারী হিসেবে কাজ করতো। সে নরসিংদী, নারায়ণগঞ্জ ও ঢাকার আশে পাশের বিভিন্ন স্থানে বেশ কয়েকবার স্বশরীরে ও অনলাইনে মিলিত হয়ে জেল হতে আটকৃত সদস্যদের মুক্ত করা, নাস্বিক ব্লাগারদের হত্যা, সরকারী গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের হত্যা ও সংগঠনের জন্য তহবিল সংগ্রহ করে বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকান্ড করার অপতৎপরতা চালাতো।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।











