সিদ্ধিরগঞ্জে ৩ করাত কলকে ৩০ হাজার টাকা জরিমানা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৩টি করাত কল (স’মিল) কে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুকের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জের সানারপাড় ও জালকুড়ি এলাকায় পৃথক এ অভিযান পরিচালনা করা হয়। এসময় বন বিভাগ ও পুলিশের একটি করে দুটি টিম উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত সিদ্ধিরগঞ্জের নাসিক ৯নং ওয়ার্ডের জালকুড়ি এলাকার সওদাগর টিম্বার্স ও দরবার টিম্বার্স এবং ৩নং ওয়ার্ডের সানারপাড় এলাকায় মজুমদার টিম্বার্স নামক করাত কলে অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে ৩টি করাত কলের মালিক করাত কল পরিচালনার জন্য কোন ধরনের বৈধ লাইসেন্স ও কাগজপত্র দেখাতে পারেননি। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক “করাত কল (লাইসেন্স) বিধিমালা ২০১২” অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে পৃথক ভাবে মামলা দায়েরের মাধ্যমে এ ৩ টি করাত কলের মালিকদের মোট ৩০ টাকা অর্থদ- প্রদান করেন।
মেহেদী হাসান ফারুক বলেন, করাত কল মালিকদের বৈধ লাইসেন্স ছাড়া করাত কল না চালানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে। যে সমস্ত করাত কলের লাইসেন্স নেই, তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।











