২৪ কেজি গাঁজা ও ৪৫বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে পাকড়াও

২৪ কেজি গাঁজা ও ৪৫বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে পাকড়াও

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: ২৪ কেজি গাঁজা ও ৪৫ বোতল ফেন্সিডিলসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

 

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জেলার রূপগঞ্জ ও সোনারগাঁয়ে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন-মো. মনির হোসেন (৩৫), মো. সালাম মিয়া (৩২), মো. সৈয়দ হোসেন (৩২) ও মো. আশরাফ উদ্দিন (৫২)।

 

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানান, দুপুরে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রূপগঞ্জের খালপাড়ের সেকেন্দার পেট্রোল পাম্প এর সামনে ঢাকা-সিলেট মহাসড়কে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় ব্রাক্ষণবাড়ীয়া থেকে ঢাকাগামী একটি বাস তল্লাশী করে ২৪ কেজি গাঁজা, ৩টি মোবাইল ফোন উদ্ধারসহ মাদক মনির, সালাম ও সৈয়দ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

 

উদ্ধারকৃত ফেন্সিডিল

 

পর একটি পৃথক অভিযানে সোনারগাঁয়ের কাঁচপুর ব্রীজ সংলগ্ন সোনাপুর কলাপট্টি বাজারের কালাম ট্রেডার্স এর সামনে ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী মোঃ আশরাফ উদ্দিন (৫২)’কে গ্রেপ্তার করা হয়েছে।

 

র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, আসামীরা স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অবৈধভাবে পরিবহনযোগে জুট কাপড় বহনের আড়ালে ব্রাক্ষণবাড়ীয়া জেলা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে এসে নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা এবং এর আশপাশের এলাকায় গাঁজা বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

 

অপর অভিযানে গ্রেপ্তার আশরাফ নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল বাংলাদেশে প্রবেশ করায় এবং বিশেষ কৌশলে পরিবহন করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে আসছে। গ্রেফতারকৃত আসামী’দের বিরুদ্ধে রূপগঞ্জ ও সোনারগাঁ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।