মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত গ্রেফতার আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: আড়াইহাজারে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাতদলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম ঢাকা-সিলেট মহাসড়কের সখেরগাও যাত্রী ছাউনীর পাশে ঝোপে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত পাকড়াও

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম:  আড়াইহাজারে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাতদলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১২ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম ঢাকা-সিলেট মহাসড়কের সখেরগাও যাত্রী ছাউনীর পাশে ঝোপে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হল-উপজেলার নারান্দী এলাকার সোলাইমানের ছেলে ফুল মিয়া ফুলু (৪৫), সখেরগাও এলাকার বাহারউদ্দিনের ছেলে শরীফ (২৩), কুমিল্লার তিতাস থানার নারান্দীয়া এলাকার মৃত আসাদ মোল্লার ছেলে হাসান (২৪) ও রূপগঞ্জের ইসলামবাগ এলাকার জাবেদ হোসেনের ছেলে শরীফ(১৯)।

 

পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ আলী জানান, মহাসড়কের টহল দেওয়ার সময় গোপন সংবাদে জানতে পারি ২০/২২ জনের একদল ডাকাত উপজেলার সাতগ্রাম ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সখেরগাও যাত্রী ছাউনীর পাশে ঝোপে প্রস্তুতি নিচ্ছে। এ সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে পুলিশের অবস্থান টের পেয়ে ডাকাতরা দৌড়ে পালানোর সময় উল্লেখিত ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়। বাকী ডাকাতরা দৌড়ে পালিয়ে যায়। তারা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করে রাতের অন্ধকারে মহাসড়কে চলন্ত গাড়ির সামনের গ্লাসে লোহার রড দিয়ে ঢিল ছুড়ে গাড়ি থামানো হয়। পরে থামানো গাড়িতে ডাকাতি করে থাকেন তারা। তাদের কাছ থেকে পুলিশ একটি লোহার পাইপ ও ২টি লোহার রড উদ্ধার করেন। এ ব্যাপারে পুলিশ গ্রেফতারকৃত ৪জন সহ ১০ জনের নাম উল্লেখ করে এবং আরো অজ্ঞাত ১০/১২ জনের নামে ডাকাতির প্রস্তুতির ধারায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সংঘবদ্ধ ডাকাতদলের বাকীদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।