অশ্রুজলে পুত্র হত্যার বিচার চাইলেন শরীফের বাবা-মা

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নগরীর দেওভোগ আদর্শনগর এলাকায় দিন-দুপুরে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ব্যবসায়ী শরীফ হোসেনকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।
বুধবার (১ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও সমাবেশ থেকে শরীফ হত্যার সাথে জড়িত অভিযোগে শাকিল এবং লালন নামে দুজনকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। এসময় বক্তব্য রাখেন আদর্শনগর সমাজকল্যাণ সংসদের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন ভূইয়াসহ নিহত শরীফের বাবা আলাল মাতবর।
উপস্থিত বক্তারা জানান, এ বছরের পহেলা এপ্রিল সন্ত্রাসী শাকিল ও লালন বাহিনী সদস্যরা প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ী শরীফ হোসেনকে কুপিয়ে হত্যা করে। হত্যাকান্ডের ভিডিও ফুটেজ পাশের বাড়ির একটি সিসি টিভির ক্যামেরায় ধরা পড়ে। সিসিটিভির ফুটেজ হত্যাকারীদের ছবি স্পষ্ট বুঝা গেলেও পুলিশ নানা অজুহাত তুলে হত্যাকারীদের আইনের আওতায় আনছে না বলে অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী।
নিহত শরীফ হোসেনের মা রহিমা বেগম বলেন, আমার ছেলেকে বাসা থেকে ডেকে নিয়ে সন্ত্রাসী লালন -শাকিল সহ ১০-১২জন মিলে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করল। আমি নারায়ণগঞ্জের ৪ আসনের এমপি শামীম ওসমানের কাছে আমার ছেলে হত্যার বিচারের দাবী জানাই।











