সরাইলে পুলিশের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে এক কিশোরী

সরাইল প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে এক কিশোরী। তার নাম শিলা আক্তার আবুনি। সে সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের আলফত আলীর মেয়ে।
রোববার সন্ধ্যা ৭টার দিকে বরযাত্রীরা আসার আগেই বিয়ে বাড়িতে গিয়ে সরাইল থানার উপ-পরিদর্শক ও অরুয়াইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাপন চক্রবর্তী এ বিয়ে বন্ধ করে দেন।
পুলিশ জানায়, পরমানন্দপুর গ্রামের আলফত আলীর নাবালিকা মেয়ে শিলা আক্তার আবুনীকে (১৫) তারই বড় বোনের জন্ম সনদ দেখিয়ে একই গ্রামের নায়েব আলীর ছেলে এনায়েত উল্লাহর (২৩) সঙ্গে বিয়ে দিতে চেয়েছিল পরিবার। সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ সেই বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে এ বাল্যবিয়ে বন্ধ করে দেন।
অরুয়াইল ক্যাম্প ইনচার্জ, উপ-পরিদর্শক বাপন চক্রবর্তী বলেনন, বাল্য বিয়ে হচ্ছে খবর পেয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল আহমেদ স্যারের নির্দেশে আমি ঘটনাস্থলে যাই। মেয়ের অভিভাবকদের সঙ্গে কথা বলে ও খোঁজ খবর নিয়ে নিশ্চিত হই এই মেয়ে অপ্রাপ্ত বয়স্ক। এ কারণে বাল্য বিবাহ বন্ধ করে দেই।











