না’গঞ্জে করোনা ভাইরাসে মৃত্যু ১শ’ পৌছাল

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: করোনার সূতিকাগার ও রেডজোন বলে পরিচিতি নারায়ণগঞ্জে এ রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা শতক পূর্ণ করেছে।
শনিবার ২০জুন পর্যন্ত করোনায় সরকারী হিসেবে ১শ’ জন মারা গেলো। এদিনে ২৪ ঘণ্টায় নতুন করে ১১৮ জন আক্রান্ত ও ১ জনের মৃত্যুতে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৪৯০ জন ও মৃত ১শ’ জন। যদিও অনেকেই করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। তাদের কিছু কিছু পরবর্তীতে করোনা পজিটিভ আসলেও বেশির ভাগের পরীক্ষা করানো হয়নি।
জেলা সিভিল সার্জন ডাঃ ইমতিয়াজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
মৃতের তালিকায় শততম নামটি যুক্ত হয়েছে মোক্তার হোসেন (৩৫) নামে এক ব্যক্তির। তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের হাজীগঞ্জ এলাকার বাসিন্দা। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ সুস্থ হয়নি। ফলে মোট সুস্থের সংখ্যা অপরিবর্তিত ১ হাজার ৯৮৬ জন রয়েছে।
নারায়ণগঞ্জে গত ৮ মার্চ প্রথম প্রথম করোনা রোগী সনাক্ত হয়। এরপর একই মাসের ৩০ তারিখে বন্দরের রসুলবাগ এলাকায় পুতুল নামের এক নারীর মৃত্যু হয়। ওটাই ছিল নারায়ণগঞ্জে ও বাংলাদেশে করোনায় প্রথম মৃত্যু। এরপর টানা ৮০ দিনে নারায়ণগঞ্জে মৃতের সংখ্যা একশ পূর্ণ হয়। শুধুমাত্র জুন মাসেই শুরু থেকে ১৮ জুন পর্যন্ত জেলা জুড়ে মারা গেছেন ২০ জন।
জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যমতে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৫৮ জন। এছাড়া সদর উপজেলায় ২১ জন, বন্দর উপজেলায় ৩ জন। আড়াইইহাজারে ৩ জন, সোনারগাঁয়ে ১৩ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ২ জন।











