নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের হোল্ডিং

করোনাকালে কর পরিশোধে ছাড়

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: কারো বকেয়া কিংবা হালসন পৌরকর ১০ হাজার টাকা আসলে ১৫শ’ টাকা পর্যন্ত ছাড় পাবে। আর এ সুবিধা পেতে এখনই কর পরিশোধ করতে হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের হোল্ডিং মালিকদের।

 

বুধবার (১৮ জুন) একটি অফিস আদেশে এমনটাই জানিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।
এর আগে, ১৭ জুন ওই অফিস আ‌দেশ‌টি‌তে স্বাক্ষর করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবুল আমিন।

 

অফিস আদেশে বলা হয়, ভোভিড-১৯ ভাইরাসের সংক্রমনজনিত উদ্ভুত পরিস্থিতিতে সিটি কর্পোরেশনে আওতাধীন হোল্ডিং মালিকগণ যথাসময়ে পৌরকর পরিশোধ করতে পারেননি। সিটি করপোরেশনের রাজস্ব আদায়ের স্বার্থে বকেয়া ও হালসনের পৌরকরের উপর ১৫ শতাংশ রিবেট সুবিধা প্রদান করে পৌরকর আদায়ের জন্য নির্দেশ প্রধান করা হলো। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

 

এ ব্যাপারে নারায়ণগগঞ্জ সিটি কর্পোরেশনের কর আদায়কারী (সহকারি সচিবের দায়িত্ব) মো. হান্নান মিয়া বলেন, কারো যদি ৫ হাজার টাকা চার্জসহ বকেয়া থাকে আর ৫ হাজার টাকা হালসন পৌরকর থাকে, সে এখন করদিলে ১৫ শতাংশ অথাৎ ১৫০০ টাকা ছাড় পাবে।