না’গঞ্জে তিনটি অভিজাত এলাকা লকডাউন ঘোষণা

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ জেলাকে ‘রেড জোন’ হিসেবে উল্লেখ করে তিনটি এলাকাকে অধিক ঝুঁকিপূর্ণ চিহিৃত করে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। ঘোষিত তিনটি এলাকাই আবাসিক অভিজাত বলে পরিচিত। এলাকাগুলো হচ্ছে-ফতুল্লার রূপায়ন টাউন, জামতলা ও আমলাপাড়া।
রোববার (৭ জুন) সকাল থেকে এই আদেশ কার্যকর করা শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন।
রোববার দুপুরে জেলা প্রশাসক তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, পরিস্থিতি বিবেচনা করে করোনার অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে শহরের আমলাপাড়া, জামতলা এবং ফতুল্লার ভূঁইগড়ের রূপায়ন টাউনকে লকডাউনের আওতায় আনা হয়েছে। এই তিনটি এলাককে ১৫ থেকে ২১ দিন পর্যন্ত পর্যবেক্ষণ করা হবে। করোনা পরিস্থিতির উন্নতি হলে পর্যায়ক্রমে অন্যান্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর উপর এই বিধিনিষেধ আরোপ করা হবে। লকডাউন ঘোষিত এলাকার কোনো ব্যক্তি বের হয়ে অন্য এলাকায় প্রবেশ করতে পারবেন না এবং অন্য এলাকার কাউকে প্রবেশ করতে দেয়া হবে না।
জেলা প্রশাসক আরো জানান, এসব এলাকায় গণপরিবহন চলাচলও বন্ধ থাকবে এবং কাঁচাবাজার বন্ধ রেখে ভ্রাম্যমাণ বাজারের ব্যবস্থা করা হবে। ধর্মীয় উপাসনালয়গুলোতে শুধু কর্মচারী ব্যতীত অন্যান্যদের যাতায়াত আপাতত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে মানুষের খাবারের চাহিদা পূরণ করতে জেলা প্রশাসন সামগ্রী সরবরাহ করা হবে। পাশাপাশি মোবাইল ফোনের মাধ্যমে টেলিমেডিসিন সেবা প্রদানের কথাও জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, পুলিশের করোনা ফোকাল পার্সন অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি ইমরান সিদ্দিকী।
সিভিল সার্জন জানিয়েছেন, লকডাউন ঘোষিত এলাকাগুলোতে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ, টেলিমেডিসিন সেবাসহ সব ধরণের স্বাস্থ্যসেবা প্রদান করতে জেলা স্বাস্থ্য বিভাগের কয়েকটি টীম সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। পাশাপাশি লকডাউন শতভাগ কার্যকর করতে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে এবং লকডাউন এলাকার প্রতিটি প্রবেশ পথ সীলগালা করে দেয়া হবে।











