সরকারী ত্রাণ নিজের নামে বিতরণের অভিযোগ!

 

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আসা সরকারী ত্রাণ সামগ্রী প্যাকেট পরিবর্তন করে নিজ নামে নিজস্ব দলীয় লোকজন এবং আত্মীয় স্বজনকে প্রদানের অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মদ ইকবাল হোসেনের বিরুদ্ধে। সিটি কর্পোরেশনের মাধ্যমে আসা সরকারী এসব ত্রাণসামগ্রী নিজের কাছের পরিচিত ভোটার, দলীয় ব্যক্তি এবং নিকটাত্মীয়দের মাঝে প্রদান করা হয় বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতৃবৃন্দ।

 

বঙ্গবন্ধু দুঃস্থ কল্যাণ সংস্থার নেত্রী চম্পা ভূইয়া করে বলেন, সিটি কর্পোরেশনের মাধ্যমে যে ত্রাণগুলো এসেছে সেগুলো তিনি (ইকবাল) প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যাগ ব্যবহার না করে অন্য ব্যাগে বিতরণ করেছে। এগুলো যে সরকারী ত্রাণ, সেটাও তিনি (ইকবাল) উল্লেখ করে নাই। সে নিজের নামেই প্রচার করে বিতরণ করেছে। কাউন্সিলর ইকবাল তার নিজস্ব ২২শ’ লোক (যারা তার ভোটার) ওই লোকগুলোকেই ত্রাণ দিয়েছে। বাকি একটা গরীব আসহায় লোককেও সে ত্রাণ দেয়নি।

 

চম্পা ভূইয়া আরো বলেন, যেদিন উনি (ইকবাল) ত্রান দিয়েছেন- সেদিন আমাকে থাকার জন্য বলেছেন। উনি দেখাতে চেয়েছে যে আওয়ামীলীগের লোক আছে এখানে। এসময় তিনি আমাকে আমার এলাকার ১০/১৫ জন গরীব লোকের ভোটার আইডি কার্ড’সহ নিয়ে আসতে বলেন ত্রাণ দেবে বলে। আমি ১৪’টি অসহায় ও গরীব ব্যক্তির ভোটার আইডি কার্ড নিয়ে গেলে পরে তিনি একজনকেও ত্রাণ দেয়নি।

 

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নেতা আহম্মেদ আজিজ ক্ষোভ প্রকাশ করে জানান, সরকারী ত্রাণ সামগ্রীর প্যাকেট পরিবর্তন করে এবং শিশুখাদ্য নিজ নামে আত্মীয় স্বজন ও নিজ সমর্থিত (বিএনপি) লোকজনকে বিতরণ করছে কাউন্সিলর ইকবাল। মিজমিজি দক্ষিণপাড়া এলাকার প্রায় ২/৪’শ ব্যক্তিকে সরকার কর্তৃক ঈদ উপলক্ষে ২৫শ’ করে টাকা দেওয়া হবে উল্লেখ করে সবার কাছ থেকে ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়েছে। তারা আদৌ টাকা পাবে কিনা সে বিষয়ে সন্দেহ আছে।

 

 

এ বিষয়ে জানতে নাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেনের (০১৮১৯-৪২৪৮৬৭) মুঠোফোনে একাধিকবার ফোন করে তার ব্যবহৃত নাম্বারটি বন্ধ পাওয়া যায়।