না’গঞ্জে দ্রুত টেস্ট ল্যাব স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জে যাতে দ্রুত পরীক্ষা যেতে পারে সেইজন্য ল্যাব স্থাপনের নির্দেশ দেন প্রধাণমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নারায়ণগঞ্জ থেকে ঢাকা আসাটা তো এখন আরও কাছাকাছি হয়ে গেছে। যত দ্রুত এসে সাথে সাথে কাজ করা যায় সেজন্য কিছু লোককে দায়িত্ব দিয়ে দেন যাতে নারায়ণগঞ্জেরটা আগে করে দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ভিডিও কনফারেন্সে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে যুক্ত হয়ে নারায়ণগঞ্জে দ্রুত একটি টেস্ট ল্যাব স্থাপনের নির্দেশ দেন ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নারায়ণগঞ্জে কি কোন ইনস্টিটিউশন নাই যেখানে ল্যাব স্থাপন করা যায়? ওখানে তো পপুলার ডায়াগনস্টিক হাসপাতাল আছে। কোন রিসার্চ সেন্টার কি নারায়ণগঞ্জের কোথাও নাই? আমি অবাক হচ্ছি! তার মানে কি, নারায়ণগঞ্জ সারাজীবন ঢাকার উপর নির্ভর করে চলে এসেছে?
নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সামসুদ্দোহা সঞ্চয় জানান, নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়কসহ ১৭ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। রাজধানী ঢাকার পর সবচেয়ে বেশি আক্রান্ত নারায়ণগঞ্জে। মৃত্যুর হারও এই জেলায় বেশি। কিন্তু এখানে কোন পরীক্ষাগার স্থাপন করা হচ্ছে না। মানসম্মত মাস্ক পাননি বলেও জানান ডা. সঞ্চয়।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরে কথা বলতে চান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ঢাকার পর নারায়ণগঞ্জে সবচেয়ে ভয়াবহ অবস্থা। সেখানে তাদের কোন ল্যাব নাই। মাস্ক নাই। এটার কী সমাধান আছে? জানতে চান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর প্রশ্নের জবাবে নারায়ণগঞ্জে পরীক্ষাগার স্থাপনের মতো উপযোগী কোন প্রতিষ্ঠান এখানে নেই বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
পরে প্রধানমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জে যাতে দ্রুত পরীক্ষা যেতে পারে সে ব্যবস্থাটা অন্তত নেন। নারায়ণগঞ্জ থেকে ঢাকা আসাটা তো এখন আরও কাছাকাছি হয়ে গেছে। যত দ্রুত এসে সাথে সাথে কাজ করা যায় সেজন্য কিছু লোককে দায়িত্ব দিয়ে দেন যাতে নারায়ণগঞ্জেরটা আগে করে দেওয়া হয়।
প্রধানমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জে স্ট্যান্ডার্ড ল্যাব তো নাই। ঢাকা তো নারায়ণগঞ্জ থেকে বেশি দূরে না। ঢাকায় আসতে তো বেশি সময় লাগে না। কাজেই এখানেই টেস্ট করে দিতে পারি এবং করে দিচ্ছিও আমরা।











