খাদ্যসঙ্কটেে কাশীপুরের লকডাউন পরিবারগুলো

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: চরম খাদ্যসঙ্কটে পড়েছেন ফতুল্লার কাশীপুর আমবাগান এলাকায় লকডাউন করে দেয়া পরিবারগুলো। উপজেলা প্রশাসন প্রায় তিনশো পরিবারকে লকডাউন করে দিলেও সেখানে কোন খাদ্য সরবরাহ করা হচ্ছে না। ফলে যে কোন সময় লকডাউন ভেঙে তা বেরিয়ে আসতে পারেন বলে স্থানীয়দের শঙ্কা।
ওই এলাকার স্বেচ্ছাসেবক আলোকিত কাশীপুর এর এডমিন শহীদুল ইসলাম খাঁ জানান, ৪ এপ্রিল পশ্চিম দেওভোগের আমবাগান এলাকা লকডাউন করে দেয়া হয়। কিন্তু গত দুই দিন ধরে লকডাউন করে দেয়া প্রায় তিনশো পরিবারের সদস্যরা জানায় তাদের ঘরে খাবার নেই। পরে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে দফায় দফায় যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোন উত্তর মিলেনি। ফতুল্লা থানা পুলিশ জানিয়েছে এই এলাকার জন্য বিশেষ পুলিশ বরাদ্দ দেয়া সম্ভব না।
শহীদুল ইসলাম আরও জানান, স্থানীয় জনপ্রতিনিধিরা বলেছেন সরকারি বরাদ্দ না আসা পর্যন্ত তাদেরও কিছু করা সম্ভব না।
সবমিলিয়ে ওই এলাকার লকডাউন এখন হুমকির মুখে। পাশাপাশি কয়েক শ পরিবারও রয়েছে খাদ্য সঙ্কটে।
প্রসঙ্গত গত ৪ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে আবু সাঈদ মাতবর নামের এক বৃদ্ধের মৃত্যুর পরে ওই এলাকা লকডাউন করা হয়।
তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিকের সাথে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তা সম্ভব হয়নি।










