সিদ্ধিরগঞ্জে জুটের গোডাউনে আগুন

 
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি,প্রেসবাংলা২৪ডটকম:  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
জালকুড়ি (পশ্চিমপাড়া) বৃষ্টিধারা এলাকায় বুধবার সকাল  অগ্নিকান্ডের  ঘটনা ঘটে। এ ঘটনায় ৭টি গোডাউনে প্রায় ২ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে মালিক পক্ষ দাবি করেছেন।
জুট ব্যবসায়ীদের মালিক সমিতির সভাপতি জুয়েল প্রধান জানান, আগুনের এ ঘটনায় ৭টি জুটের গোডাউনের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে মালিকদের প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।
আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আব্দুল হাই দুপুর ১টায় জানান, বেলা ১২ টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।
আগুন নিয়ত্রন আনতে  আদমজী, ফতুল্লা ও মন্ডলপাড়া থেকে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট এসে প্রায় ৬ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিভাতে সক্ষম হয়। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে  জালকুড়ি এলাকায় জুটের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আশে-পাশের লোকজন পানি দিয়ে আগুন নেভাতে চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের এ ঘটনায় আগুনে পুড়ে শাহ-আলম মালিকানাধীন মেসার্স গাজী ট্রেডার্সের ৩০ লক্ষ, কাজল বাহাদুর মালিকানাধীন মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের ১৫ লক্ষ, মোঃ রাজ্জাক ও সজিব মালিকানাধীন রিসাইকেল ‘র’ এর ৬০ লক্ষ, মোঃ সেলিম মালিকানাধীন মেসার্স মায়ের দোয়া ট্রেডার্সের ১২ লক্ষ, মোঃ মিন্টু মালিকানাধীন মামা ভাগিনা এন্টারপ্রাইজের ৫০ লক্ষ, মোঃ রবিন মালিকানাধীন আল ফারাহ এন্টারপ্রাইজের ২০ লক্ষ এবং মোঃ জাহাঙ্গীর মালিকানাধীন অনিক-অন্তর এন্টারপ্রাইজের ৫ লক্ষটাকার ক্ষতি হয়েছে।