সিটি কর্পোরেশনের কঠোর সমালোচনায় শামীম ওসমান

 

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কঠোর সমালোচনা করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে ময়লা ফেলা হচ্ছে। সেই ময়লায় আগুন দেওয়া হয়। আগুনের ধোয়ায় ছড়িয়ে পড়ে বিষাক্ত গ্যাস যা করোনা ভাইরাসের চেয়ে ভয়ঙ্কর ।

 

এছাড়াও তিনি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ময়লা ফেলার জন্য সিটি কর্পোরেশনকে দায়ী করেন।

 

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আয়োজনে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ‘পরিছন্ন গ্রাম-পরিছন্ন শহর’ কর্মসূচি আওতায় দেশব্যাপী পরিছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা অনুষ্ঠানে শামীম ওসমান এসব কথা বলেন।

 

অনুষ্ঠানে তিনি আরও বলেন, জেলা প্রশাসন ও পুলিশ সুপারকে এ বিষয়টা দেখার অনুরোধ করবো। এ নিয়ে পরিবেশ মন্ত্রণালয়ে খবর দেওয়া উচিত। তাদের কিছু কর্মকান্ড এখানে আছে। দরকার হলে মামলা করুক, যা করার করুক।

 

অনুষ্ঠানে ফুটপাতে হকারদের পক্ষ নিয়ে সাংসদ শামীম ওসমান বলেন, কয়েকদিন পরপরই হকার নিয়ে কথা ওঠে। গরীব মানুষের কর্মসংস্থান করবো নাকি নিয়ম-অনিয়মের অভিযোগে ওই মানুষের পেটে লাথি মারবো? গরিব মানুষের পেটে লাথি মেরে বঙ্গবন্ধুর শতবর্ষ পালন করা হবে? মশক নিধন করবো নাকি গরিব নিধন করবো? এই বিষয়গুলোর সমাধান দরকার।

তিনি আরও বলেন, সিটি করপোরেশনের দায়িত্ব কী? মানুষ ট্যাক্স দিয়ে ময়লার মধ্যে হাটবে, জানালা খুলতে পারবে না, মশা ঢুকবে, কেন? মানুষ ট্যাক্স দিবে কিন্তু আপনি সরকার হয়ে সরকারি জায়গা দখল করবেন, কেন? যেই রহমতউল্লাহ ইনস্টিটিউটে বঙ্গবন্ধু একবার না শতবার এসেছেন, স্বাধীনতা আন্দোলনের সূতিকাগার ছিল এটি। সেটা আপনি ভেঙ্গে দিলেন। জায়গা তো আপনার না জেলা প্রশাসনের। এখন জেলা প্রশাসক সাহেবের যদি সম্মান না থাকে তাহলে মানুষ কার কাছে যাবে? এই প্রশ্নটা থাকতে পারে। এটা হতে পারে না, এটা ঠিক না।

 

 

 

জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার এড. নুরুল হুদা, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি খালেদ হায়দার খান কাজল প্রমুখ।