অস্ত্র মামলায় নূর হোসেনের হাজিরা

আদালত প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামী নূর হোসেন।
মঙ্গলবার (৩মার্চ) সকালে কঠোর নিরাপত্তার মাধ্যমে তাকে আদালতে আনা হয়। জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র মামলায় তিনি আদালতে হাজিরা দেন। কিন্তু এ মামলার অপর দুই পলাতক আসামি হাজির না হওয়ায় পত্রিকায় বিজ্ঞপ্তির আদেশ দিয়েছেন আদালত ।
এসব তথ্য নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর এড. ওয়াজেদ আলী খোকন। বিশেষ ট্রাইবুনালে মামলা নং ৩/১৫।
প্রসঙ্গত, ২০১৪ সালে ৭ খুনের পর নূর হোসেন ভারতে পালিয়ে গেলে তার বৈধ অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়। এছাড়া, তার সিদ্ধিরগঞ্জের বাড়িতে অভিযান চালিয়ে বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়। এসব ঘটনায় নূর হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে ৩টি মামলা করে পুলিশ। এছাড়া ২০১৪ সালের ১২ জুন ২০ হাজার টাকা চাঁদা দাবীর অভিযোগে অটোরিকশা চালক সাইদুল ইসলামের মামলায় নূর হোসেন, তার ভাই নূর উদ্দিন, তাদের ভাতিজা শাহজালাল বাদল, লোকমানসহ ৪ জনকে আসামী করা হয়।











