মা-বাবা পেটানো মাদকাসক্ত সেই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: মাদক সেবনের টাকা না দেওয়ায় নিজ বাবা- মাকে হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগে  সেই ছাত্রলীগ নেতা ফাহাদের বিরুদ্ধে মামলা করেছেন বাবা আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন টুলু। মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন টুলু নারায়ণগঞ্জ মহানগরের ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও খানপুর মুক্তিযুদ্ধ ইউনিট কমান্ডের কমান্ডার এবং সাবেক কাউন্সিলর।

যদিও এ ঘটনার পরে মহানগর ছাত্রলীগ বিবৃতি দিয়ে জানায়, কোন ছাত্রলীগ কর্মীর দায় নেবে না সংগঠন।

 

ছাত্রলীগের ওই বিবৃতির ও ঘটনার ১ দিন পর মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে সদর থানায় জয়নাল আবেদীন টুলু বাদী হয়ে সন্তান ফাহাদ বিন জয়নালের বিরুদ্ধে এই মামলা করেন।

 

মামলা সূত্রে জানা যায়, বিভিন্ন কারণে পরিবারের কাছে প্রায়ই টাকা দাবি করতো ফাহাদ। দাবীকৃত টাকা দিতে না পারলে সে ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করতো। গত ৩ ফেব্রুয়ারি বিকাল ৩টায় সে টাকা দাবি করে। বাদী টাকা দিতে অপরগাতা প্রকাশ করলে হত্যার উদ্দেশ্যে চাইনিজ কুড়াল দিয়ে গুরুতর জখম করে তাকে। মাটিতে পড়ে গেলে আবার লোহার স্পিং এর চাবুক দিয়ে এলোপাথারিভাবে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। বাদীর চিৎকারে তার স্ত্রী নাছিমা বেগম এগিয়ে এলে তাকেও লোহার চাবুক দ্বারা শরীরের বিভিন্ন স্থানে গুরুতর নিলা-ফুলা জখম করে। উভয়ের চিৎকারে আশপাশের লোকজন ছেলের কবল থেকে বাবা মাকে উদ্ধার করে ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়।

 

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ফাহাদ মাদকাসক্ত। সে প্রায় সময় নেশার টাকার জন্য তার মা-বাবাকে মারধর করতো। লোকলজ্জার ভয়ে এতদিন বিষয়টি কাউকেই তারা জানাননি। সে এলাকায় নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম করতো বলে জানা যায়।

 

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের পরিদর্শক তদন্ত জয়নাল আবেদিন বলেন, অভিযুক্তকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়েছে। তার পিতা বাদী হয়ে মামলা করায় তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।