ফতুল্লায় সন্ত্রাসী মিরুর শ্যালক শরীফ গ্রেফতার

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লার তালিকাভুক্ত সন্ত্রাসী মীর হোসেন মিরুর শ্যালক ও মিরু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সন্ত্রাসী শরীফকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, জমি দখল সহ একাধিক মামলা রয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে ফতুল্লার পাগলা শাহী মহল্লা এলাকা হতে শরীফকে গ্রেফতার করা হয়। বিকেলে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়।
শরীফ কেরানীগঞ্জের বাসিন্দা আব্দুল খালেকের ছেলে। সে পাগলা শাহী মহল্লা এলাকায় বসবাস করে।
এদিকে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শরীফ দূর্ধর্ষ সন্ত্রাসী মিরুর শ্যালক হওয়ার সুবাধে কুতুবপুর অঞ্চলে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। এছাড়াও ইট বালুর ব্যবসার নামে এলাকার নিরীহ মানুষ ভবন নির্মাণ করতে গেলে নির্মাণ সামগ্রী দেয়ার জন্য চাপ সৃষ্টি করতো। শরীফের কথামত যদি কোন ব্যক্তি ক্রয় না করে তাহলে মোটা অংকের চাঁদা দাবি করতো। শত অপকর্ম করলেও মিরু বাহিনীর লোক হওয়ার সুবাধে ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস করতো না। যার কারণে আরো বেপরোয়া হয়ে উঠে মিরু বাহিনীর এই শরীফ। সম্প্রতি পাগলা এলাকার এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি করায় সেই ব্যবসায়ী মিরু বাহিনীর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় চাঁদাবাজি মামলা দায়ের করে। এছাড়াও শরীফ মনির হত্যা মামলার আসামী।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, সন্ত্রাসী শরীফ পাগলার দূর্ধর্ষ সন্ত্রাসী মিরু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া জমি দখলসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে শরীফের বিরুদ্ধে।











