অবশেষে আসছেন আলোচিত বক্তা মাওলানা আযহারী

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: দেশের আলোচিত ইসলামিক বক্তা মাওলানা মিজানুর রহমান আযহারী অবশেষে বন্দরে আসছেন। মাহফিল কমিটির সঙ্গে স্থানীয় সংসদ সদস্য একেএম সেলিম ওসমান এর বৈঠকের পর এই সিদ্ধান্ত হয়।
মুছাপুর ইউনিয়নের মিনারবাড়ি এলাকার পশ্চিমপাড়া জামে মসজিদ এলাকায় আয়োজিত ওয়াজ মাহফিলে আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) তিনি বক্তব্য রাখবেন। মুছাপুর পশ্চিমপাড়া জামে মসজিদ, যুব সংগঠন ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে ২দিন ব্যাপী মাহফিলটির আয়োজন করা হয়।
মাহফিল কমিটি সভাপতি মুহাম্মদ বেলাল আহমেদ বলেন, আজ বৃহস্পতিবার বিকালে সংসদ সদস্যে সেলিম ওসমানের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান এবং নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি সভপতি আবু জাহের। ঐ বৈঠকে মাহফিলে মাওলানা মিজানুর রহমান আযহারীর আসার বিষয়টি চুড়ান্ত হয়। চেয়ারম্যান এবং আবু জাহের ভাইর জন্য আমরা মাহফিলে দোয়া করবো। তাদের প্রচেষ্টায় এই মাহফিল সফল হচ্ছে।
তিনি বলেন, অনেকেই ভুল বুঝে মাহফিলে বাধা সৃষ্টির চেষ্টা করেছে। আমরা তাদের বুঝাতে সক্ষম হয়েছি।
উল্লেখ্য গত ১৭ ডিসেম্বর বন্দর থানাবাসীর ব্যানারে মাওলানা মিজান আযহারীকে বন্দর থানাতে নিষিদ্ধ ঘোষণা করেছে সুন্নি জামায়াতের নেতৃবৃন্দরা। এ সময় ঝাড়ু মিছিলও করা হয়।











