না’গঞ্জ সিটি ও ৫ পৌরসভার কাছে বিদ্যুতের বকেয়া ৩৩ লাখ

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনসহ জেলার ৫ পৌরসভায় দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে ৩২ লাখ ৭৭ হাজার টাকা। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রানলয়ের মাধ্যমে বিদ্যুৎ বিভাগ বকেয়া বিল আদায়ের জন্য এ ব্যাপারে স্থানীয় সরকারকে চিঠি দিয়েছে। স্থানীয় সরকার বিভাগ সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন ও পৌরসভাকে ৩১ ডিসেম্বরের মধ্যে বকেয়া বিল জমা দিয়ে বিদ্যুৎ অফিসের প্রত্যয়ন প্রেরণ করতে নির্দেশ দিয়েছে। স্থানীয় সরকার বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্রমতে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনসহ জেলার ৫টি পৌরসভায় বকেয়া বিদ্যুৎ বিল দাঁড়িয়েছে ৩২ লাখ ৭৭ হাজার টাকা। এর মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর আঞ্চলিক কার্যালয়ের ৪ লাখ ২ হাজার, জেলার তারাব পৌরসভায় ২৭ লাখ ৭৯ হাজার, সোনারগাঁ পৌরসভায় ৩২ হাজার, আড়াইহাজার পৌরসভায় ৪৮ হাজার, কাঞ্চন পৌরসভার ৯ হাজার, গোপালদী পৌরসভার ৭ হাজার টাকা। সিটি কর্পোরেশনসহ জেলার ৫ পৌরসভার কাছে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও ২ এই বকেয়া পাওনা আছে।
নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর প্রধান সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. সাইরুল ইসলাম জানান, বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের জন্য সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন ও পৌরসভার সাথে যোগাযোগ করা হচ্ছে। তারা বকেয়া বিল পরিশোধের আশ্বাস দিয়েছেন।











