শিক্ষার্থীদের খেলাধুলায় ফেরাতে নারায়ণগঞ্জে ইউএনও গোল্ডকাপের উদ্যোগ

প্রেসবাংলা ২৪. কম : নারায়ণগঞ্জ সদর উপজেলা ইউএনও গোল্ডকাপ-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।
সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়, খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিত করা এবং ভেনুভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে এস এম ফয়েজ উদ্দিন জানান, গোল্ডকাপে সাতটি ইউনিয়ন ও একটি ফুটবল ক্লাবের মোট আটটি দল অংশ নেবে। ইউনিয়ন পরিষদের সাত চেয়ারম্যান নিজ নিজ দলের দায়িত্ব পালন করবেন। প্রতিটি ম্যাচ হবে নকআউট পদ্ধতিতে। অংশগ্রহণকারী দলগুলোকে উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে খেলার সামগ্রী দেওয়া হবে।
তিনি আরও জানান, উপজেলার সাতটি ইউনিয়নে সাতটি খেলার মাঠ তৈরি, প্রতিটি ইউনিয়নে একজন করে লাইসেন্সধারী প্রশিক্ষক নিয়োগ এবং ড্রেসিংরুমের ব্যবস্থা করা হবে। ফুটবলের পাশাপাশি ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট, সাঁতার, ভলিবল ও টেবিল টেনিসের সুযোগ তৈরির কথাও জানান তিনি।
ইউএনও বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত থাকা জরুরি। খেলাধুলা তাদের মধ্যে শৃঙ্খলাবোধ গড়ে তুলতে সহায়তা করবে। এ আয়োজনের মাধ্যমে সেরা খেলোয়াড়দের বাছাই করা হবে।
সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, ছাত্র ও যুবসমাজকে খেলাধুলামুখী করতে সরকারের উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে উপজেলা ক্রীড়া সংস্থা। এর অংশ হিসেবে উপজেলা পর্যায়ে ইউএনও গোল্ডকাপ আয়োজন করা হচ্ছে। নিয়মিত খেলাধুলার আয়োজন এবং এ উদ্যোগের প্রচার বাড়লে মানুষের আগ্রহও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ক্রীড়াবিদ মো. সোহেল, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন ও ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশসহ ক্রীড়াবিদ ও রাজনৈতিক নেতারা।











