প্রেসবাংলা ২৪. কম: ৭ই নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের আয়োজন করেছে, নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংলড়ী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংলড়ী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শহিদ ও সাংগঠনিক সম্পাদক শিকদার বাপ্পি চিশতি'র নেতৃত্বে এ র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালীটি নিতাইগঞ্জ এলাকা থেকে শুরু করে মন্ডলপাড়া, ডিআইটি, ২নং রেলগেট ও চাষাঢ়া সহ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় নিতাইগঞ্জে এসে শেষ হয়। এসময় নেতাকর্মীদের বিপুল উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। তাদের অংশগ্রহণে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ।
এসময় শ্রমিক নেতা সাব্বির আহমেদ শহিদ বলেন, ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সংঘটিত সিপাহী-জনতা বিপ্লবের মাধ্যমে সংঘটিত অভ্যুত্থানে জেনারেল জিয়াউর রহমান বন্দীদশা থেকে মুক্তি পান। পরবর্তীতে তার নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তীতে তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের আমলে মূলত ৭ই নভেম্বর বাংলাদেশে সরকারি ছুটি হিসেবে পালিত হয়ে আসছে। এই বিপ্লবের বিরোধী ও সমালোচক গোষ্ঠী হচ্ছেন আওয়ামী লীগ। সম্প্রতি আওয়ামী লীগ পালিয়ে গিয়ে শ্রমিক আন্দোলনের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে, বিএনপির কর্মীরা থাকা অবস্থায় আমরা তা হতে দিব না।
৭ই নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে এসময় সাংগঠনিক সম্পাদক শিকদার বাপ্পি চিশতি বলেন, ঐতিহাসিক ৭ই নভেম্বর ১৯৭৫ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিপথগামী সেনাসদস্যদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেন। তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হরণ করে দেশকে ভিন্ন পথে নিয়ে যাচ্ছিল। সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে তিনি বন্দিদশা থেকে মুক্তি পান। এই দিনটি দেশের জাতীয় ঐক্য ও সংহতির মূল চেতনাকে স্মরণ করিয়ে দেয়। ঐতিহাসিক এই দিনের চেতনাকে ধারণ করে নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংলড়ী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন আগামী দিনেও দেশ, সাধারণ মানুষ ও শ্রমিকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ট্রাক ট্যাংলড়ী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি শরিফুল ইসলাম, লুৎফুর রহমান মন্টু, সহ-সাধারণ সম্পাদক মাস্তান প্রধান, দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক পায়েল হোসাইন আকাশ, মোহাম্মদ সাত্তার, কালাম, সেন্টু, রহমতুল্লাহ রাজিব, কাজী আরমান, হান্নান, মোল্লা রবিন, মোল্লা বাপ্পি, ফয়সাল হাসান, নিশু, শিপলু, আকরাম, রাজিব, মিলন, দুলন, রবু, রানা, নয়ন সিকদার, জসিম, আনোয়ার হোসেন, মামুন ও বাদল সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।