প্রেসবাংলা ২৪. কম : নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বিরুদ্ধে রাজপথে বিশাল বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের সার্বিক উদ্যোগে বুধবার দুপুর ১২টার দিকে এই কর্মসূচি পালিত হয়।
নগরীর ২নং রেলগেট সংলগ্ন মহানগর বিএনপির সাবেক কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রায় সহস্রাধিক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তোলা নানা স্লোগানে পুরো নারায়ণগঞ্জ নগরী মুখরিত হয়ে ওঠে। পরবর্তীতে মিছিলটি আগের স্থানে ফিরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে উপস্থিত বক্তারা ঘোষণা দেন, স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জাকির খানের নেতৃত্বে কঠোর আন্দোলন আগামী ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে চলবে। আজকের এই অবস্থান কর্মসূচির মতোই নেতাকর্মীদের রাজপথে সচল থাকার আহ্বান জানিয়ে তারা বলেন, ডিসেম্বরের মধ্যে আন্দোলনের চূড়ান্ত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত জাকির খানের নির্দেশনায় নেতাকর্মীরা প্রতিনিয়ত রাজপথে অবস্থান কর্মসূচি পালন করবেন।
উক্ত প্রতিবাদ মিছিল ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিংকন খান, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি পারভেজ মল্লিক, সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শাহ্, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু, যুগ্ম আহ্বায়ক শাহীন আহমেদ, জেলা কৃষকদলের সহ-সভাপতি শেখ সালেহ্ আহমেদ রনি, মহানগর কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আল আমিন, সদর থানা জাসাসের সাংগঠনিক সম্পাদক সনেট আহমেদ, যুবদল নেতা আক্তার অপু, ফয়সাল আহমেদ হৃদয়, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজসহ মহানগর স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।