প্রেসবাংলা ২৪. কম: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট ২০২৬) বাদ জোহর নগর ভবনের ২য় তলায় এই আধ্যাত্মিক ও ভাবগাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট হোসেন খান।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট হোসেন খান এ সময় বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আমাদের নবীজির (সা.) জীবন ও আদর্শকে স্মরণ করার এবং অনুসরণ করার একটি অনন্য সুযোগ। আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই মহৎ উপলক্ষ উদযাপন করতে পেরে অত্যন্ত আনন্দিত। এই আয়োজনের মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ধর্মীয় সম্প্রীতি এবং সামাজিক মেলবন্ধনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
মিলাদ মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ এবং ইসলামের বিশ্বজনীন ভ্রাতৃত্বের বাণীর ওপর আলোচনা করেন বিশিষ্ট আলেম-ওলামারা। তারা নবীজির (সা.) সুন্নাহ এবং শিক্ষার গুরুত্ব তুলে ধরে, বর্তমান সমাজে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, শান্তি, এবং মহান আল্লাহর রহমত কামনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লীরা অংশ নেন।