নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে সরব ফতুল্লা ইউনিয়ন বিএনপি

প্রেসবাংলা ২৪. কম : নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীর লাগাতার দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নারায়ণগঞ্জের ফতুল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২শে জুন)বিকেলে নতুন কোট এলাকা থেকে ফতুল্লা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে দলটির স্থানীয় ও তৃণমূল পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতা অংশ নেন।
বিক্ষোভ মিছিলে নেতৃত্বদানকারী নেতারা বলেন, স্বৈরাচারী ও নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ দেশের অভ্যন্তরে এখনো বিভিন্ন উপায়ে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের জানমালের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে তারা নানা ধরনের দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। এই ধরনের যেকোনো অপতৎপরতা রুখে দিতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজপথে সদা জাগ্রত রয়েছে।
নেতৃবৃন্দ বিক্ষোভ সমাবেশ থেকে আওয়ামী সন্ত্রাসী চক্রের সকল কুচক্রী মহলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের রক্তচোষা এই ফ্যাসিস্ট শক্তিকে আর কখনোই দেশের মাটিতে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।
মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ফতুল্লা থানা বিএনপির দিকনির্দেশনায় এবং ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।
এ সময়ের উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী প্রমুখ।










