উজির আলী স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জাঁকজমক ইফতার

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জের অন্যতম বিদ্যাপীঠ দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ২য় বার্ষিক ইফতার মাহফিল।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও রমজানের পবিত্রতা রক্ষায় আয়োজিত এই অনুষ্ঠানে স্কুলের বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা অংশ নেন।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশিষ্ট অধ্যাপক ও প্রভোস্ট ড. মো: ইকবাল হোসেন। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার মানোন্নয়ন এবং প্রাক্তন শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এ ধরণের আয়োজন শুধু ইফতারের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ঐক্য এবং বিদ্যালয়ের উন্নয়নে কাজ করার একটি বড় সুযোগ সৃষ্টি করে।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া বেগম। এছাড়াও ইফতার মাহফিল আয়োজন কমিটির আহ্বায়ক রাশেদুল ইসলাম-এর সার্বিক তত্ত্বাবধানে ও শুভেচ্ছায় অনুষ্ঠানটি সফলভাবে পরিচালিত হয়।
ইফতারের আগে প্রাক্তন শিক্ষার্থীরা একে অপরের সাথে কুশল বিনিময় করেন, যা এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। ইফতারের আগ মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ এবং বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।











