প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৫, ২০২৬, ৯:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১১:৩৬ অপরাহ্ণ
অসুর সব সময় পরাজিত হবে : মঈন খান

প্রেসবাংলা ২৪. কম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘পূজার শিক্ষাই হচ্ছে ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে চিরন্তন সংগ্রাম। আমাদের পূজা থেকে এ শিক্ষা নিতে হবে। আমরা বিশ্বাস করি, সুর ও অসুরের যে যুদ্ধ হয় তাতে সব সময় অসুর পরাজিত হবে এবং সুর জয়লাভ করবে।’
রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, ‘বাংলাদেশ এমন একটি দেশ, যেখানে হাজার বছর ধরে হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টান পাশাপাশি বসবাস করে এসেছে। আমাদের বৈশিষ্ট্য হচ্ছে এই যে বাংলাদেশের মানুষ আবেগপ্রবণ। কিন্তু আবেগের মধ্যে যে জিনিসটি বেশি প্রবল এবং যে জিনিসটি আমাদের অঞ্চলের কৃষ্টিকে ধরে রেখেছে তার নাম হচ্ছে ভালোবাসা। ভালোবাসার আবেগে আমরা মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করে এসেছি।
আমাদের এই বিশ্বাস আছে আমাদের ভবিষ্যত প্রজন্মও একই ভালোবাসায় একসঙ্গে বসবাস করবে। আমরা আগে যে নারায়ণগঞ্জ দেখেছি বর্তমান নারায়ণগঞ্জ এখন অনেক বেশি উন্নত। কিন্তু আমি বিশ্বাস করি, আমাদের শুধু বাহ্যিক উন্নয়নই নয়, আমাদের মনস্তাত্ত্বিকের উন্নয়নও করতে হবে। আমাদের মনকে পরিশুদ্ধ করতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন আমলাপাড়া পূজা উদযাপন কমিটির আহ্বায়ক প্রবীর সাহা, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল, মডেল গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামান মাসুদ প্রমুখ।
Copyright © 2026 pressbangla. All rights reserved.