পাইকপাড়াতে গৃহবধূকে হাত পায়ের রগ কেটে হত্যা

পাইকপাড়াতে গৃহবধূকে হাত পায়ের রগ কেটে হত্যা

প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ শহরের ১৭নং ওয়ার্ডের পাইকপাড়ায় নূরজাহান বেগম (৫০) গৃহবধূ খুন হয়েছে। অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত করে হত্যা করে। ওই সময়ে তার গলায় ও হাতে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে জানিয়েছেন পরিবারের লোকজন। ৩ মে বিকেলে পুলিশ নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে।

নিহত নূরজাহান স্থানীয় রমজান মোল্লার স্ত্রী। রমজান গাড়ি চালক।

পরিবারের লোকজন জানান, সকালে স্বামী ও ছেলে বাসার বাইরে যান। বিকেলে আশেপাশের লোকজন এসে ঘরের ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখা যায়। দুর্বৃত্তরা এসে ঘরে মালামাল ও আসবাবপত্র তছনছ করে। নিহতের গলায় ও হাতে থাকা স্বর্ণ নিয়ে গেছে। এছাড়া ঘরে থাকা কিছু টাকাও নিয়ে গেছে।

স্বজন ও এলাকাবাসী জানায়, নিহতের স্বামী ও ছেলে কাজের জন্য বাইরে ছিল এবং ছেলের স্ত্রী পরীক্ষা দিতে গিয়েছিল। এসময় পোড়া গন্ধে বাড়িতে প্রতিবেশীরা এসে দেখে রান্নাঘরে রান্না বসানো কিন্তু কেউ নেই। পরে ঘরে নিহতের হাত পায়ের রগ কাটা ও কপালে আঘাতসহ নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশকে জানালে পুলিশ ও স্বজনরা এসে লাশ উদ্ধার করে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনিচুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে। এটি হত্যাকাণ্ড হিসেবে ধারণা করা হচ্ছে, জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ শুরু করেছে।