
প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ ডাইলপট্টি এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নৈশপ্রহরী মো. ভাসান মালতি (৫০) নিহত হয়েছেন। নিহত ভাসান কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার দৌলত খালী চৌধুরীপাড়া এলাকার জালাল মালতির ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের আরামবাগ এলাকার ভাড়াবাসায় বসবাস করতেন।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভাসানের ছেলে রানা ভাসান জানান, তার বাবা মাত্র কয়েকদিন হলো এখানে চাকরি নিয়েছিল। সকালে শুনতে পান তার বাবাকে হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে এসে দেখেন তার বাবা মৃত অবস্থায় পড়ে রয়েছে।
নারায়ণগঞ্জ সদর থানার উপপরিদর্শক কামরুজ্জামান বলেন, নৈশপ্রহরী মো. ভাসান মালতি (৫০) হত্যার ঘটনায় আমরা কাজ শুরু করেছি। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।