প্রেসবাংলা ২৪.কম: আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৪৮ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নারায়ণগঞ্জে ১৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। মাসখানেক সময় থাকলে নারায়ণগঞ্জের অন্যান্য ইউনিয়নে নির্বাচনী আমেজ থাকলেও সদর উপজেলার আলীরটেকে চিত্র ভিন্ন দেখা গেছে। অন্যান্য ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীরা নিজেদের নির্বাচনী প্রচার প্রচারনা চালিয়ে গেলেও আলীরটেকে নির্বাচন হবে কিনা সেই নিয়েই দ্বিধাদ্বন্দ্বে রয়েছে আলীরটেক বাসী। এর আগে স্থানীয় সাংসদ সেলিম ওসমান আলীরটেকে উপস্থিত হয়ে বর্তমান পরিষদকেই পুনরায় চেয়েছিলেন, সাংসদের এমন ঘোষনার পর পুরো ইউনিয়নে জুড়েই নির্বাচনের দাবী উঠেছিলো। পরে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান ডিক্রিরচর উপস্থিত হয়ে বলেছেন নির্বাচন হবে। সাংসদ ভ্রাত্বদ্বয়ের এমন বক্তব্যেই দ্বিধাদ্বন্ধে রয়েছেন আলীরটেকবাসী।
জানা যায়, গত ২৯ জানুয়ারি বিকেলে শেখ রাসেল কুড়েরপাড় আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আলীরটেক ইউনিয়ন পরিষদ আয়োজিত ইউনিয়নের উন্নয়ন শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভায় সেলিম ওসমান বর্তমান চেয়ারম্যান মতিউর রহমান ও ইউপি সদস্যদের আবারো সুযোগ দেয়ার আহবান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, মতিউর রহমানকে যদি আপনারা ভাঙা কুলাও বলেন, তাহলে সেলিম ওসমানের আজকে মতিউর রহমানের মতো একটা ভাঙ্গা কুলার বড় প্রয়োজন।
পরবর্তীতে গত ২০ মার্চ রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ডিক্রিরচর ঈদগাহ মাঠে আলীরটেক ইউনিয়নের ওলামা পরিষদের আয়োজনে মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান এলাকাবাসীকে নির্বাচন হবে বলে আশ্বস্থ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আলীরটেকে নির্বাচন হবে। আর ওসমান ভ্রাত্বদ্বয়ের এমন বক্তব্যে তৎকালিন সময় পুরো ইউনিয়ন জুড়েই চলছিলো আলোচনা।
বর্তমানে নির্বাচন ঘনিয়ে আসার পরেও নির্বাচনের তেমন কোন আমেজ না থাকায় দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন আলীরটেক এলাকাবাসী। তারা জানিয়েছেন, আমরা কোন সিলেকশন চাই না। আমরা ইলেকশন চাই। প্রতিটা প্রার্থীই নির্বাচনে অংশগ্রহন করুক এলাকাবাসী ভোটের মাধ্যমে তাদের পছন্দনীয় ব্যক্তিকে নির্বাচিত করুক। তাহলে মানুষ যেমন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, তেমনি এলাকা আগের চেয়ে আরও বেশি উন্নত হবে।