দোষীদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে-মির্জা আজম

প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকার হাসেম ফুড কারখানা পরিদর্শন শেষে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনুমোদন নিয়ে এ ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। এ ক্ষেত্রে যদি কারো দুর্নীতি থাকে তাদের সবাইকে বিচারের মুখোমুখি করা হবে।
রোববার (১১ জুলাই) দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ একটি প্রতিনিধিদল পুড়ে যাওয়া হাশেম ফুড কারখানা পরিদর্শন করেন।
এ সময় মির্জা আজম আরও বলেন, হাসেম ফুড কারখানায় যে মর্মান্তিক দুর্ঘটনায় ৫২ শ্রমিকের মৃত্যু হয়েছে। এটি করো কাম্য নয়। তারপরও এ ধরনের দুর্ঘটনা ঘটছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনটি তদন্ত কমিটি ইতোমধ্যে গঠন করেছেন। সে কমিটির তদন্ত অনুযায়ী যারা দোষী হবে তাদের বিচারের মুখোমুখি হতে হবে। একই সঙ্গে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। যারা নিহত হয়েছেন সরকারের পক্ষ থেকে তাদের জন্য ২ লাখ টাকা ও আহতদের জন্য নগদ ৫০ হাজার টাকা ঘোষণা করা হয়েছে। এরপরও আহত শ্রমিকদের আরো সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য বিভিন্ন আইনানুগ পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, শিশু শ্রমিকদের যারা এখানে কাজ করতে নিয়ে এসেছিলো তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। শুনেছি এই ভবনের একটি ফ্লোরে শ্রমিকদের তালাবদ্ধ করে রাখা হয়েছিল। তালাবদ্ধের ঘটনা উদঘাটন করে এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন- আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাস, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যকরী সদস্য আনোয়ার হোসেন শাহাবুদ্দিন ফরাজী, সৈয়দ আব্দুল আউয়াল শামীম। এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদ ও পাটমন্ত্রী গাজী গোলাম দস্তগীর, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত শহীদ মো.বাদল, উপজেলা শাহজাহান ভুইয়াসহ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।











