প্রিন্ট এর তারিখঃ জুন ২২, ২০২৬, ১:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১২, ২০২১, ১১:১২ পূর্বাহ্ণ
নারায়ণগঞ্জে আবারো গ্যাস বিস্ফোরণ, দ্বগ্ধ-২

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জে আবারো গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবার একটি আবাসিক ভবনের ৮ তলায় রান্না ঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে ২জন দগ্ধ হয়েছেন। আগুনে তাদের শরীরের অনেকাংশ জলসে গেছে। তাদেরকে ঢাকা বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।
রোববার (১১ এপ্রিল) রাত সাড়ে ১১টায় শহরের চাষাঢ়ায় প্রেসিডেন্ট রোডে জিএম গার্ডেন নামের ওই ভবনে দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—বাড়ির নিরাপত্তারক্ষী উজ্জ্বল ও মানিক। তাদেরকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস ও ভবন মালিক সূত্রে জানা গেছে, জিএম গার্ডেনের ৮তলায় ছিল কমিউনিটি সেন্টার আদলে কয়েকটি কক্ষ। ভবনের কোন অনুষ্ঠান সেখানে আয়োজন করা হতো।
ভবনের প্রহরী মোহাম্মদ আলী জানান, ৮তলায় গ্যাসের লাইনে সমস্যা ছিল। এজন্য একট মিস্ত্রি এসে সেটা মেরামত করে। এক পর্যায়ে দুইজন নিচে নেমে যায়। তখন রান্না ঘরের দরজা জানালা বন্ধ ছিল। পরে আবার দুইজন সিগারেট হাতে উপরে উঠে রুমে প্রবেশের সাথে সাথেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসাদুজ্জামান জানান, আহত দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, মূলত বাড়ির ছাদের একটি কক্ষে গ্যাসের একটি সংযোগ ছিল, যেটি ওই ভবনটির বাসিন্দাদের কোনো অনুষ্ঠান থাকলে সেখানে রান্নার কাজে ব্যবহার করা হতো। সেখানে কোনো কারণে গ্যাসের লাইনটি চালু থাকায় গ্যাস নির্গত হয়ে জমে গিয়েছিল। সেখানে সিগারেটের অংশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে কোনো দাহ্য কিছু জ্বালানোর কারণেই এই বিস্ফোরণ হয়েছে। এতে দুজন দগ্ধ হয়েছেন।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে এক বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন অর্ধশতাধিক মুসল্লি। তাদের মধ্যে ৩৭ জন মুসল্লিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। দগ্ধ ৩৭ জনের মধ্যে ৩৫ জনের মৃত্যু হয়।
Copyright © 2026 pressbangla. All rights reserved.