প্রিন্ট এর তারিখঃ জুলাই ৫, ২০২৬, ৪:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৭, ২০২১, ১১:০০ অপরাহ্ণ
এতবড় অশালীন সাংবাদিকতা হতে পারে তা আমি জানি না: খোকন সাহা

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা বলেন, সত্য কথা বলতে গেলে অন্য কিছু আসে না, সেখানে ইতিহাসবিদদের কথা চলে। এই শহরের ৫০ বছরের ইতিহাস আমি জানি। আমি জানি, শহীদ হওয়ার আগ পর্যন্ত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আত্মনিয়োগ করেছিলেন দেশ গঠনের জন্যে। আমি জানি ৭২ থেকে ৭৫ পর্যন্ত কারা লুটতারাজ করে বঙ্গবন্ধুর সরকারকে প্রশ্নবিদ্ধ করিয়েছে। আমি সব জানি। কয়েকদিন আগে এক পত্রিকায় লিখেছে 'খোকন কবে বলবে ৫০ বছরের ইতিহাস'। সেই পত্রিকার সম্পাদকের বাবার বয়সী আমি। আমার নামের পিছনে তো একটা শব্দ আছে, খোকন সাহা বা খোকন বাবু। একটু তো বলা যায় এগুলো! এতবড় অশালীন সাংবাদিকতা হতে পারে তা আমি জানি না। এই বিষয়গুলো আমি বললাম, আগামীকালও লিখবেন। পরিষ্কারভাবে আমি বলতে চাই মার্চের পর আমি বলতে শুরু করবো। এদেশে এই এলাকায় কারা বঙ্গবন্ধুর রাজনীতি প্রতিষ্ঠিত করেছে এবং বংশানুক্রমিকভাবে কারা কলুষিত করছে এ বিষয়গুলো আমি বলবো।
শনিবার (২৭ মার্চ) সন্ধায় নিতাইগঞ্জস্থ আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গণে জেলা প্রবাসীলীগ আয়োজিত সুবর্ণজয়ন্তী ও ভাষা সৈনিক নাগিনা জোহা স্মরণে দোয়া মাহফিল এবং মুক্তিযোদ্ধা ও বিশেষ ব্যক্তিদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, আজকে মুক্তিযোদ্ধাদের জন্যে কাজ করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। যা আর কোমো সরকার করে নাই। জাতির জনক দিলেন আমাদের স্বাধীনতা, যখন দেশের উন্নয়নের জন্যে কাজ করবেন ঠিক তখনই তাকে হত্যা করা হয়। বাবার স্বপ্ন পূরণের জন্যে, দেশকে উন্নত দেশে রূপান্তরিত করার জন্যে কাজ করে যাচ্ছেন তিনি। আজকে মানুষ না খেয়ে মরে না। সব ষড়যন্ত্রকে উপেক্ষা করে নিজেদের পয়সায় পদ্মা সেতু হয়েছে। রাস্তাঘাট ফ্লাইওভারে ভরা। তার উন্নয়নের কথা বলতে গেলে আর শেষ হবে না। ওনার জন্যে দোয়া করবেন, উনি যতদিন বেঁচে থাকবেন উন্নয়ন হতেই থাকবে।
এসময় নাসিক কাউন্সিলর ও জেলা প্রবাসীলীগের সভাপতি আব্দুল করিম বাবু'র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, জেলা প্রবাসীলীগের সাধারণ সম্পাদক রিয়াদ হাসান, সিনিয়র সহ-সভাপতি মোঃ সামছুল হক, সাংগঠনিক সম্পাদক মাসুদ হোসেন প্রমুখ।
Copyright © 2026 pressbangla. All rights reserved.