প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ১১:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১০, ২০২১, ৭:৩০ অপরাহ্ণ
ফতুল্লায় সিলিণ্ডার বিস্ফোরণ: একই পরিবারের ৬জন দগ্ধ, ১জনের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ভবনে গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ছয় সদস্যের মধ্যে মিশাল নামের একজনের মৃত্যু হয়েছে। নিহত মো. মিশাল পেশায় একজন পোশাক শ্রমিক।
বুধবার (১০ মার্চ) ভোরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল এই তথ্য নিশ্চিত করে জানান, দগ্ধ ছয়জনের মধ্যে মিশালের অবস্থাই সবচেয়ে গুরুতর ছিল। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়। শ্বাসনালীও পুড়ে গেছে তাঁর। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়া চিকিৎসাধীন অন্য পাঁচ জনের মধ্যে মাহফুজ, সাব্বির ও মিনহাজের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান এই চিকিৎসক।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, রান্নাঘরে গ্যাস সিলিন্ডার পড়ে ছিল। বিস্ফোরণে তিনটি কক্ষে আগুন ধরে যায়। ফ্ল্যাটে থাকা আসবাব পুড়ে গেছে। আর সব দরজা-জানালা ভেঙে গেছে। বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়। তাদের মধ্যে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
প্রসঙ্গত, ফতুল্লার মাসদাইরের পতেঙ্গা এলাকায় সোমবার রাত সাড়ে ১২টার দিকে একটি ছয়তলা ভবনের ষষ্ঠ তলায় জমে থাকা গ্যাস থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হন পোশাক শ্রমিক মো. মিশাল, তার স্ত্রী মিতা বেগম, শিশুকন্যা আফসানা আক্তার, শিশুপুত্র মিনহাজ, চাচাতো ভাই মো. মাহফুজ ও ফুফাতো ভাই সাব্বির হোসেন।
তাদের মধ্যে মিশালের শরীরের ৯০ শতাংশ, মাহফুজের ৮০ শতাংশ, সাব্বিরের ৪২ শতাংশ, মিনহাজের ৪০ শতাংশ, মিতার ১৪ শতাংশ এবং আফসানার ১০ শতাংশ দগ্ধ হয়। তাদের সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিস উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, গ্যাসের সিলিন্ডারের পাইপ লিক হয়ে ওই ফ্ল্যাটে গ্যাস জমে ছিল। তা থেকেই বিস্ফোরণ হয়।
Copyright © 2026 pressbangla. All rights reserved.