প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৬, ১২:২১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২১, ২:৫২ পূর্বাহ্ণ
ভূয়া মুক্তিযোদ্ধারা সমাজে বিভিন্ন পর্যায়ে স্থান দখল করে আছে : শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান দু:খ প্রকাশ করে বলেছেন, মহান মুক্তিযুদ্ধের সনদ নিয়েও নানা দূর্ণীতি হচ্ছে। মুক্তিযুদ্ধে অংশ না নিয়ে ভূয়া সনদধারি ব্যক্তিরা মুক্তিযোদ্ধা সেজে সমাজে বিভিন্ন পর্যায়ে স্থান দখল করে আছে। তাই বাংলাদেশের পরবর্তী সুন্দর একটি প্রজন্ম গড়ে তুলতে হলে এসব দূর্ণীত রোধ করা প্রয়োজন বলে মনে করেন তিনি।
শুক্রবার (৫ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকায় ওসমানি পৌর স্টেডিয়ামে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস এর মধুমতি জোনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান এ মন্তব্য করেন।
শামীম ওসমান উপস্থিত সুধীজনদের উদ্দেশ্যে বলেন, সারা বাংলাদেশকে আমরা পরিবর্তন করতে না পারলেও নারায়ণগঞ্জকে পরিবর্তন করা আমাদের সবার দায়িত্ব। এজন্য সমাজের ভালো মানুষদের এগিয়ে আসতে হবে।
এদিকে আটটি জোনে বিভক্ত করা ৯ম বাংলাদেশ গেমস এর “মধুমতি জোন” নামে নারায়ণগঞ্জ জোনের অধীনে আটটি জেলার আটটি দল অংশগ্রহণ করছে। ঢাকা, নারায়ণগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ি, মুন্সিগঞ্জ ও গাজিপুর জেলার পাঁচটি পুরুষ দল ও তিনটি নারী দল টূর্ণামেন্টে খেলবে। উদ্বোধনী দিনে গোপালগঞ্জ জেলা দল ঢাকা জেলা দলকে পরাজিত করে টূর্ণামেন্টে জয়ের শুভসূচনা করে।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটুসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
প্রসঙ্গত বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত তিনদিন ব্যাপি এই কাবাডি টূর্ণামেন্টের মধুমতি জোনের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামি ৮ মার্চ।
Copyright © 2026 pressbangla. All rights reserved.