
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ২নং ঢাকেশ্বরী এলাকা থেকে ১ লাখ ২ হাজার টাকার জাল নোটসহ মোঃ সোহেল হোসেন ওরফে রুবেল (৩২) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব-১১। জাল টাকার মধ্যে রয়েছে- ১ হাজার টাকা মূল্যের ১০১টি ও ৫শ’ টাকা মূল্যের ২টি জাল নোট।
শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে শনিবার বিকেলে র্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী সোহেল হোসেন ওরফে রুবেল ভোলা জেলার দৌলতখাঁ থানার চরপাতা এলাকার মোঃ বেলায়েত হোসেনেরর ছেলে। সে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় জাল টাকা বিতরণ করে জনসাধারণের সাথে প্রতারণা করে আসছিল। র্যাব-১১ এর একটি গোয়েন্দা দল জাল টাকা বিতরণ করে জনসাধারণের সাথে প্রতারণা করা এই ব্যক্তির উপর গোয়েন্দা নজরদারী শুরু করে। পরে এ ঘটনার সত্যতা পেয়ে শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জের ২নং ঢাকেশ^রী এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা বিতরণকালে ১ লাখ ২ হাজার টাকার জাল নোট উদ্ধারসহ উক্ত আসামীকে হাতে- নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাবাসাবাদে স্বীকার করে যে, সে দীর্ঘদিন ধরে জাল টাকা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশ পাশের এলাকায় বিতরণ করে জনসাধারণের সাথে প্রতারণা করে আসছে।