সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম:চাকুরীর প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে (১৯) ধর্ষণ চেষ্টা করেছে যুবলীগ কর্মী জসিম (৩৩)। এ ঘটনাটি ঘটে বুধবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্বপাড়া এলাকায় দিবাগত মধ্যরাতে।
এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
এলাকাবাসী জানায়, জসিম যুবলীগের একজন সক্রীয় কর্মী। ইতিপূর্বে সে যুবলীগের মিছিল, মিটিংয়ে সক্রীয়ভাবে অংশগ্রহণ করেছিলো। তার বিরুদ্ধে মাদকব্যবসার অভিযোগও রয়েছে। সম্প্রতি স্থানীয় বিভিন্ন পত্রিকায় একাধিকবার তার নামসহ সংবাদও প্রকাশিত হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী বিভিন্ন অনুষ্ঠানে ড্যান্স করে জীবিকা নির্বাহ করতো। এক মাস পূর্বে গায়ে হলুদের একটি অনুষ্ঠানে ড্যান্স করতে গিয়ে ভুক্তভোগী কিশোরীর সাথে যুবলীগ কর্মী জসিমের পরিচয় হয়। জসিমের সাথে কথা বার্তার এক পর্যায়ে ভুক্তভোগী কিশোরীকে সে চাকরির ব্যবস্থা করে দিবে বলে আশ্বাস দেয়। এ জন্য জসিম বুধবার (১৮ অক্টোবর) চাকরি সংক্রান্ত কথা বলার জন্য তার (জসিম) ভাগ্নের বাসায় এনে ভিতর থেকে দরজা বন্ধ করে ধর্ষণ চেষ্টা চালায়। একপর্যায়ে জসিম তাকে জড়িয়ে ধরার পর ওই বাড়ির লোকজন টের পেয়ে বাহির থেকে দরজায় নক করলে কৌশলে ভুক্তভোগী দরজা খুলে বের হয়ে যায়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শরীফ আহমেদ বলেন, এ ব্যপারে মামলা হয়েছে। আসামীকে গ্রেফতারের সর্বোত্বক চেষ্টা চলছে।