
প্রতিবেদক, প্রেসবাংলা: অনিয়মিত কর্মচারীদের শূন্য পদে নিয়োগ এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে কর্ম বিরতিতে ড্রেজার পরিদপ্তর নারায়ণগঞ্জ শাখার অনিয়মিত কর্মচারীরা।
সোমবার(১৬ নভেম্বর) ড্রেজার পরিদপ্তর প্রাঙ্গণে সকাল থেকে ড্রেজারের অনিয়মিত শ্রমিক কর্মচারী চাকরি রক্ষা সংগ্রাম পরিষদ'র ব্যানারে অনিয়মিত কর্মচারীরা কর্মবিরতির আন্দোলন করতে থাকে।
এসময় চাকরি রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি সালাউদ্দিন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুলাল, সহ সভাপতি শফিকুল আলম পিয়ার আলী মুন্সী, যুগ্মসাধারণ সম্পাদক আবু তাহের শাহিন কার্যকরী সদস্য নুসরাত জাহান রিতু, নূরজাহান আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় আন্দোলনরত কর্মচারীরা বলেন, আমরা এখানে কেউ কেউ ১৫ থেকে ২০ বছর ধরে এইখানে অনিয়মিত কর্মচারীরা কাজ করে যাচ্ছি। এখান থেকে ১৬২ জন কর্মচারীর মধ্যে ৭৫ জন কর্মচারীকে নিয়োগ দেয়া হয়েছে অথচ এখনো অনেক শূন্য পদ রয়েছে। তাহলে আমরা যে এত বছর ধরে কাজ করেছি তাতে আমাদের অভিজ্ঞতা তার মূল্য রইলো কোথায়! এসব ব্যাপারে আমরা অতি. প্রধান প্রকৌশলী স্যারের সাথে কথা বললে তিনি কোনো সদুত্তর দিতে পারেন নি। এদিকে আমাদের ৬ মাসের বেতন এখন পর্যন্ত পাই নাই। সেজন্য যেসকল পদ গুলো শূন্য রয়েছে তাতে আমাদের নিয়োগ দেয়া এবং আমাদের যে বকেয়া বেতন রয়েছে তা পরিশোধের দাবিতে আমরা কর্মবিরতি পালন করছি। যে পর্যন্ত আমাদের দাবি না মেনে নেয়া হবে সে পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।
এবিষয়ে ড্রেজার পরিদপ্তর নারায়ণগঞ্জ শাখার অতি. প্রধান প্রকৌশলী আজিজুল হক বলেন, শূন্য পদে নিয়োগের জন্য অনিয়মিত ১৬২ জন শ্রমিকের তালিকা পানি উন্নয়ন বোর্ডে জমা দিয়েছি। সেখান থেকে সরকারি নিয়োগ নীতিমালা মেনে সেখান থেকে ৭৫ জন নিয়োগ দিয়েছে বোর্ড। যেহেতু আমরা পানি উন্নয়ন বোর্ডের অধীনে চলে গেছি সেজন্য নিয়োগসহ যেকোনো বিষয়ে বোর্ডের আদেশ মেনে কাজ করতে হয়। আর বকেয়া বেতনের অর্থ এসেছে তা এখন অর্থ মন্ত্রনালয়ে রয়েছে সেখান থেকে ক্লিয়ারেন্স দিয়ে নিয়ে আসতে হবে।