নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: ৪৯ হাজার পিস ইয়াবা পাচারের মামলায় নারায়ণগঞ্জ সদর থানার সাবেক ওসি কামরুল ইসলামের জামিন না মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত।
রোববার (১ নভেম্বর) দুপুরে আসামির পক্ষের আইনজীবী জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন। পরে বিচারক আনিসুর রহমান এ জামিনের আবেদন না মঞ্জুর করেন।
এর আগে, ২২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজ্ঞ আদালতে এসে আত্মসমর্পণ করলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, জেলা ও দায়রা জজ আদালতে আসামি পক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তা না মঞ্জুর করেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ৭ মার্চ ডিবি পুলিশ নারায়ণগঞ্জ সদর থানার এএসআই মোহাম্মদ সরওয়ার্দীর বাসা থেকে ৪৯ হাজার পিস ইয়াবা ও ৫ লাখ টাকা উদ্ধার করে। পরে এ ঘটনায় বন্দর থানায় মামলা হয়। মামলা নং ২৪(৩)১৮।
এরপর ওই মামলার আসামী নারায়ণগঞ্জ থানার পুলিশ সদস্য আসাদুজ্জামান ও এএসআই মোহাম্মদ সরওয়ার্দী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, এটি তারা নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে করেছেন। তার নির্দেশেই টাকা ও ইয়াবা রেখে আসামিদের ছেড়ে দিয়েছেন।