
সরাইল প্রতিনিধি,প্রেসবাংলা২৪ডটকম: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল হাসপতালের মোড় থেকে সড়কটির দৈর্ঘ্য ১৪ কিলোমিটার। স্থানীয় এলজিইডি অফিস ও সরজমিনে গিয়ে জানা যায়, সরাইল সদরের হাসপাতাল মোড় থেকে অরুয়াইল পর্যন্ত ১৪ কিলোমিটার সড়কের অধিকাংশ অংশই হাওরে। ফলে বর্ষা মৌসমে সড়কের এক পাশে পানির তোড়ের আঘাত লাগে।
২০১০ সালে সড়কটি নির্মাণের পর কয়েক দফা সংস্কার কাজ হয়েছে। সড়কের ১২ কিলোমিটার জায়গা এখনও ভাল। কিন্তু মাঝখানে ভূঁইশ্বর বাজার থেকে লোপাড়া ব্রীজ পর্যন্ত ২ কিলোমিটার সড়কে সংস্কার কাজ হয়নি। এ অংশের কয়েক জায়গায় এখন পানির আঘাতে দ্রত ভেঙ্গে হাওরে চলে যাচ্ছে। বৃষ্টি ও বর্ষার পানির তোড়ে সড়কের সেই অংশ এখন ভেঙ্গে হাওরে বিলীন হচ্ছে। যে কোন সময় সড়কটি হাওরে মিশে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত এক সপ্তাহ ধরে সিএনজি চালক ও স্থানীয় লোকজন মাটি ফেলে জোড়াতালি দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু শেষ রক্ষা হচ্ছে না। সড়কের ভাঙ্গন এখন ভয়াবহ রূপ ধারণ করেছে। যে কোন সময় এ সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।রাস্তাটি দ্রুত মেরামত না করা হলে এবং এ ভাঙ্গন অব্যাহত থাকলে কয়েক দিনেই বিচ্ছিন্ন হয়ে যাবে সরাইল-অরুয়াইল যোগাযোগ ব্যবস্থা। ভোগান্তির শিকার হবে অরুয়াইল,পাকশিমুল ও চাতলপাড় ৩ ইউনিয়নের প্রায় ৭০ হাজার জনসাধারণ।
সরাইল-অরুয়াইল রাস্তা বর্ষার ভাঙ্গনের কবল থেকে রাস্তাটি দ্রুত মেরামত করার জন্য জনপ্রতিনিধি তথা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে জোর দাবী জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।