ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লার কুতুবপুরে মধ্যযুগীয় কায়দায় দুই যুবককে নির্যাতনের ঘটনায় অবশেষে আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ঘটনায় মামলা দায়েরের ৭দিন পরে শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানীর ওয়ারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আলাউদ্দিন হাওলাদারের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, মামলা দায়েরের পর থেকে পলাতক ছিলেন আলাউদ্দিন হাওলাদার। অবশেষে তথ্যপ্রযুক্তির ব্যবহার করে তার অবস্থান নিশ্চিত করা হয়। ঢাকার ওয়ারীর একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
২০১৯ সালের ৩১ ডিসেম্বর চুরির অভিযোগ এনে আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন হাওলাদারের অফিসে নাইম ও রাতুল নামে দুই যুবককে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়। শুধু নির্যাতন নয়, পুলিশকে দিয়ে ছাগল উদ্ধার দেখিয়ে তাদের নামে মামলাও দেয়া হয়। পরে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরে আসল ঘটনা বেরিয়ে আসে। পরে বিষয়টি এলাকায় আলোড়ন তোলে।
এ ঘটনায় ১০ জানুয়ারি নির্যাতনের শিকার নাঈমের মা নাজমা বেগম বাদী হয়ে আলাউদ্দিন হাওলাদারকে প্রধান আসামি করে আরও ৪জনের নাম উল্লেখ করে মামলা করেন।
এর আগে এ মামলায় মামলার পরেরদিন কুতুবপুরের শাহী মহল্লা থেকে আব্দুল কাদেরের ছেলে রবিন ও একই এলাকার শফিকুর রহমানের ছেলে ইউনুছকে গ্রেফতার করে পুলিশ।